দীঘিনালায় ভারত–বাংলাদেশ সীমান্ত
৪৭ কিলোমিটার অরক্ষিত সীমান্তের ৩৫ কিলোমিটার বিজিবির নিয়ন্ত্রণে
খাগড়াছড়ির দীঘিনালার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের আওতাধীন নাড়াইছড়ি এলাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪৭ কিলোমিটার অরক্ষিত সীমান্তের ৩৫ কিলোমিটার নিজেদের িনয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ লক্ষ্যে সাতটি সীমান্ত পর্যবেক্ষণ ক্যাম্প (বিওপি) স্থাপন করেছে বিজিবি। এতে দীর্ঘ ৪৪ বছর পর সীমান্তের ওই এলাকায় বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।
বিজিবি সূত্রে জানা গেছে, দীঘিনালা বাবুছড়া সীমান্তের ২২৬৩ নম্বর সীমান্ত পিলার থেকে ২২৮৪ নম্বর পিলার পর্যন্ত ৪৭ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণের জন্য ২০১৩ সালের ১৮ মে ৫১ বিজিবি নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়। নতুন ব্যাটালিয়ন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ২২৬৩ নম্বর পিলার থেকে ২২৮২ নম্বর পিলার পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আরিন্দিছড়া, টেক্কাছড়া, শিলছড়ি, উত্তর শিলছড়ি, লাক্কাছড়া, উত্তর লাক্কাছড়া ও নালতারান এলাকায় সাতটি সীমান্ত পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বাকি ১২ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিতে ধুপশীল ও দীপুছড়ি এলাকায় আরও দুটি ক্যাম্প স্থাপন করা হবে। সীমান্তের এই অংশ দীর্ঘদিন ভারতেরও নিয়ন্ত্রণ ছিল না। তবে ২০০৮-০৯ সালে ভারত ছয়টি বিএসএফ ক্যাম্প স্থাপন করে সীমান্তে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তের এই এলাকা অতি দুর্গম। কোনো কোনো ক্যাম্পে নৌকাযোগে রসদ পাঠাতে হয়। আর দুটি ক্যাম্পে যোগাযোগের মাধ্যম হেলিকপ্টার।
৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে কর্নেল কামাল আহমেদ বলেন, স্বাধীনতার পর ৪৭ কিলোমিটার অরক্ষিত সীমান্তের মধ্যে ৩৫ কিলোমিটার নিয়ন্ত্রণে চলে আসা একটি মাইলফলক। বাকি ১২ কিলোমিটার সীমান্তও নিয়ন্ত্রণে চলে আসবে। সীমান্তের এই এলাকা দুর্গম হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। সেখানে কোনো যোগাযোগব্যবস্থা নেই। নদীতে পানি থাকলে দুটি ক্যাম্পে কোনো রকমে নৌকাযোগে খাদ্যদ্রব্য পাঠানো যায়। অন্যান্য ক্যাম্পে হেলিকপ্টার–যোগে খাদ্যদ্রব্য পাঠাতে হচ্ছে। এরপরও ক্যাম্পগুলোতে সাহসিকতার সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।