ফেনীর সোনাগাজীর দক্ষিণ চর মজলিশপুরের ৫০০ পরিবার নদীভাঙনের শিকার হয়ে প্রায় ৪৭ বছর ধরে উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছে। ২০০৩ সালের পর থেকে এই এলাকায় নদীর ভাঙন তীব্র রূপ নিয়েছে। ফলে গ্রামের বহু লোক ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
দক্ষিণ চর মজলিশপুর গ্রাম চর মজলিশপুরেরই অংশ ছিল। ছোট ফেনী নদীর ভাঙন গ্রামটিকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। এতেই শেষ নয়, বিচ্ছিন্ন দক্ষিণ চর মজলিশপুরের মাঝ দিয়ে বয়ে যাওয়া দাদনা খালও এখন ভাঙতে শুরু করেছে গ্রামটিকে। ভাঙনকবলিত এই গ্রামে ৫০০ পরিবারে তিন হাজার লোক বসবাস করে। ভোটারসংখ্যা প্রায় এক হাজার ৩০০।
সরেজমিনে দেখা যায়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন গ্রামবাসী সরকারি-বেসরকারি সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত। গ্রামে পাকা সড়ক নেই। কাঁচা রাস্তাও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র। গ্রামের বাসিন্দা আহম্মদ উল্লাহ পান চাষ করেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘ছোটবেলা থেকে দেখছি, যখনই ভোট আসে, তখন কেবল কতগুলো উন্নয়নের প্রতিশ্রুতি শুনি। ভোট শেষে সবাই প্রতিশ্রুতির কথা ভুলে যায়।’ স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আনোয়ার উল্যাহ (৫০) জানান, স্থানীয় সাংসদ দুবার এলাকায় এসে নদীর ওপর একটি সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সরকারি টাকায় একটি সাঁকো পর্যন্ত এখনো নির্মিত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও হাটবাজার করার প্রয়োজনে তাঁদের দাগনভূঞা উপজেলায় যেতে হয়। তবে জমির নিবন্ধন, খাজনা পরিশোধ, মামলা-মোকদ্দমাসহ প্রশাসনিক কাজে যেতে হয় সোনাগাজী উপজেলায়। এলাকাটি সোনাগাজী উপজেলার অন্তর্ভুক্ত হলেও যেতে হয় দাগনভূঞা হয়ে ৪৫ কিলোমিটার পথ ঘুরে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ওমর ফারুক অভিযোগ করেন, এলাকার কাঁচা সড়কগুলোরওঅবস্থা বেহাল। দাদনা খালের দুই পাড়ের লোকজনের যাতায়াতের জন্য একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন গ্রামবাসীর ভরসা। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম জানান, সোনাগাজী থেকে বিচ্ছিন্ন এই গ্রামের সঙ্গে দাগনভূঞার যোগাযোগ ভালো। তাই গ্রামটিকে দাগনভূঞার সঙ্গে একীভূত করা যেতে পারে।