৫ আদিবাসী ভাষার বর্ণমালা তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আটটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য পাঁচটি ভাষার বর্ণমালা তৈরির কাজ শেষ হয়েছে। বাকি তিনটি জনগোষ্ঠীর বর্ণমালা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে এ বর্ণমালা ও ভাষার বিকাশ এবং উন্নয়নের জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ। বিশেষ করে সরকারি পর্যায়ে ভাষা শেখানো ও ব্যবহারিক ক্ষেত্র তৈরি করা না গেলে এগুলো টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের (উসাই) পরিচালক মংনুচিং মারমা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের ১১টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আটটি জনগোষ্ঠীর জন্য পাঁচ ভাষার বর্ণমালা এ পর্যন্ত ব্যবহার উপযোগী হয়েছে। এগুলো হচ্ছে—বম, পাংখোয়া ও লুসাইয়ের জন্য একটি বর্ণমালা, চাকমা ও তঞ্চঙ্গ্যার জন্য একটি বর্ণমালা অর্থাৎ পাঁচ জনগোষ্ঠীর জন্য দুটি বর্ণমালা। এ ছাড়া রয়েছে ম্রো, ত্রিপুরা ও মারমাদের জন্য পৃথক তিনটি বর্ণমালা। খুমী, খিয়াং ও চাক জনগোষ্ঠীর বর্ণমালা এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি উসাইয়ের উদ্যোগে খুমী ভাষার ওপর আয়োজিত সেমিনারে লেলুং খুমী বলেছেন, খুমীরা প্রায় এক শ বছর আগে থেকে মিয়ানমারের রোমান বর্ণমালা ব্যবহার করে আসছেন। ওই বর্ণমালা খ্রিষ্টান মিশনারিরা খুমী ভাষার উপযোগী করে তৈরি করায় সাধারণ খুমীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় দেখা দেয়। তাঁদের ধারণা, এ বর্ণমালা গ্রহণ করলে মিশনারিরা সবাইকে খ্রিষ্টান করে ফেলবে। বহু আগে থেকেই চাকমা-তঞ্চঙ্গ্যা ও মারমাদের বর্ণমালা ও ভাষার লিখিতরূপ থাকলেও তাঁরা নিজস্ব বর্ণমালায় ভাষা ব্যবহারের ক্ষেত্রে ম্রো, বম, লুসাই, পাংখোয়াদের থেকে পিছিয়ে রয়েছে। তবে মারমারা এখনো সামাজিক বিচার, পারিবারিক কাজ ও নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদানে তাঁদের ভাষা ও বর্ণমালা সীমিত পরিসরে হলেও ব্যবহার করেন। কিন্তু চাকমা ও তঞ্চঙ্গ্যাদের বর্ণমালা শুধু বৈদ্যরা (গ্রাম্য ভেষজ চিকিৎসক) তান্ত্রিক কাজে ব্যবহার করেন। এ ছাড়া শিক্ষিত শ্রেণীর কেউ তেমন ব্যবহার করেন না। এমনকি চাকমা ভাষায় যাঁরা সাহিত্যচর্চা করেন তাঁরাও চাকমা বর্ণমালা ব্যবহার না করে বাংলা বর্ণে লিখে থাকেন। জানা যায়, বম, পাংখোয়া ও লুসাইদের বর্ণমালা খ্রিষ্টান মিশনারিদের মাধ্যমে মিজোরামে প্রথম চালু হয়েছিল। বম ভাষা গবেষক ও অভিধান লেখক জিরকুং সাহু বলেছেন, ১৯১৮ সালে মিজোরাম থেকে পার্বত্য চট্টগ্রামের বম, লুসাই ও পাংখোয়া বর্ণমালা ধর্মপ্রচারকদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে এ তিন জনগোষ্ঠীর শতভাগ খ্রিষ্টান। ৮০ শতাংশ মানুষ এ বর্ণমালায় লিখতে ও পড়তে পারে। ত্রিপুরাদের ককবরক বর্ণমালা (ত্রিপুরা ভাষাকে ‘ককবরক’ বলা হয়) অতি সাম্প্রতিককালের। কয়েক বছর আগেও ককবরক ভাষার বর্ণমালা বাংলায় হবে কি না রোমান হবে তা নিয়ে বিতর্ক ছিল। বিশিষ্ট গবেষক শক্তিপদ ত্রিপুরা বলেছেন, ‘বিতর্কের অবসান হয়েছে। এখন ককবরক ভাষার সঙ্গে রোমান হরফকে মিলিয়ে ককবরক বর্ণমালা চালু করা হয়েছে।’ খাগড়াছড়ি ও বান্দরবানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ত্রিপুরা শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছে বলে তিনি জানান। ১৯৮৪-৮৫ সালে ম্রো বর্ণমালা উদ্ভাবন করেন মেনলে ম্রো। রোমান-চৈনিক-শ্যাম বর্ণমালার আদলে করা এ বর্ণমালা দ্রুত মিয়ানমারের আরাকান পর্যন্ত ম্রো সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। ম্রো ভাষা বর্ণমালা উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রেংরাং ম্রো জানান, বান্দরবান পার্বত্য জেলায় ৩২০টি পাড়ায় ৬৩ হাজার ৪৩০ ম্রো আদিবাসী (সরকারি পরিসংখ্যানে অনেক কম) বসবাস করেন। এর মধ্যে ৬৫ শতাংশ ম্রো নারী-পুরুষ এখন ম্রো বর্ণমালায় লিখতে ও পড়তে পারে। খাগড়াছড়ির গবেষক শক্তিপদ ত্রিপুরা বলেছেন, ‘আদিবাসী ভাষাগুলোর বর্ণমালা ও লিখিতরূপ তৈরির জন্য বেসরকারি পর্যায়ে সীমিত পরিসরে প্রচেষ্টা চালানো হলেও তা ওই ভাষা টিকে থাকার জন্য যথেষ্ট নয়। সরকারিভাবে ভাষাগুলো শেখার ও ব্যবহারিক ক্ষেত্র তৈরি করা না গেলে এগুলো টিকিয়ে রাখা কঠিন হবে।’ বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা সম্প্রতি বলেছেন, আদিবাসী ভাষাগুলো বিপদাপন্ন অবস্থা থেকে রক্ষার জন্য অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসী শিশুদের অতিরিক্ত একটি বিষয় পড়ানো যায় কি না বিবেচনা করা হচ্ছে। পরবর্তীকালে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ব্যাপারে সরকারের সমন্বয় ও অনুমোদন নিয়ে পাঠ্যক্রম তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।