৫ আর ৫০
সেদিন আমি প্রাইভেট পড়ে বাসে চড়ে বাসায় ফিরছিলাম। বাসে ওঠার পর সিট না পাওয়ায় দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বাসের কন্ডাক্টর আমার কাছে ভাড়া চাইতে এল। আমি আমার হাতব্যাগের ভেতর হাত ঢুকালাম। আমার হাতে পাঁচ এবং ৫০ টাকার দুটো নোট এল। দাঁড়িয়েই ছিলাম, তাই সেখান থেকে একটি নোট কন্ডাক্টরকে চটজলদি দিয়ে সিট ধরে দাঁড়িয়ে রইলাম। কন্ডাক্টর ভাড়া নিয়ে আমার দিকে তাকিয়ে ‘ভাংতি নাই’ বলে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, আমাকে ভাংতি নাই বলল কেন? আমি তো পাঁচ টাকাই, মানে ঠিক ভাড়াই দিলাম। মনে হয় অন্য কাউকে বলেছে। একটু পর কন্ডাক্টর আবার এসে আমাকে ৪৫ টাকা ফেরত দিল। আমি তো হতবাক, ঘটনা কী? আমাকে টাকা দিল কেন? মনে হয় ভুলে দিয়েছে। একবার ভাবলাম, ভুলেই যখন দিয়েছে তখন তো আর আমার দোষ নেই। কাল বন্ধুরা মিলে ৪৫ টাকার কিছু খাব। আবার ভাবলাম, নাহ্, এটা ঠিক হবে না। মনের ভেতর সংশয়। ভালো আর মন্দ দুজন যুদ্ধ করতে লাগল। যেকোনো একটি রাস্তা আমাকে বেছে নিতে হবে। মন্দকে বাদ দিয়ে ভালোর দিকে তাকালাম। ভাবলাম, যখন কন্ডাক্টর এসে বলবে, আপা, টাকাটা ভুলে আপনাকে দিয়ে ফেলেছি, তখন ফেরত দেব। আমার গন্তব্যস্থান প্রায় চলে এল। কিন্তু কন্ডাক্টর এল না। ভিড়ের কারণে তাকে দেখতেও পেলাম না। আমার স্টেশন চলে এল। আমি বাস থেকে নেমে বাসের হেলপারের হাতে ৪৫ টাকা ফেরত দিয়ে বললাম, ‘কন্ডাক্টর আমাকে ভুল করে টাকাগুলো বেশি দিয়েছে। আপনি তাকে দিয়ে দেবেন।’ হেলপার টাকা হাতে পেয়ে খুশি হলো। হেলপারকে খুশি দেখে আমারও ভালো লাগল। মন হালকা করে বাসায় ফিরলাম। আজ আমার ভাবই অন্য রকম। কারণ, একটা ভালো কাজ করেছি। যাহোক, বাসায় ফিরে সবার কাছে এই ঘটনা বর্ণনা করে মহান হলাম। কিছুক্ষণ পর আমার টাকার প্রয়োজন হলে ব্যাগ খুললাম। আমি ব্যাগ খুলে টাকা বের করে দেখি, ওমা, একি কাণ্ড, সেখানে মোটে পাঁচ টাকা পড়ে আছে...! আঁখি রাজবংশীইডেন মহিলা কলেজ, ঢাকা।