এক দশকেরও বেশি সময় আগে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই অনুপাতে চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। এই স্বাস্থ্যকেন্দ্রে ২৯ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৫ জন। ২০ জন নার্সের (সেবিকা) স্থলে আছেন মাত্র ৯ জন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, উপজেলার ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালের ১ জুন ৫০ শয্যায় উন্নীত করে সরকার। এরপর হাসপাতালের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। তবে ৫০ শয্যা হাসপাতালের অনুপাতে চিকিৎসক, নার্স ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালে ২৪ জন চিকিৎসকের পদ দীর্ঘ দিন ধরে খালি রয়েছে। বর্তমানে ৫ জন চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যার এই হাসপাতাল।
২ মে বেলা সাড়ে ১১টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে শখানেক রোগী চিকিৎসার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। অন্তর্বিভাগে ভর্তি ছিলেন ৫৮ জন রোগী। দুই চিকিৎসক ছুটিতে থাকায় সেদিন কেবল তিনজন চিকিৎসক রোগীদের সেবা দিচ্ছিলেন। এর মধ্যে প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক আবদুুর রহিম আমানী। আর অন্তর্বিভাগের দায়িত্বে ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক। রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে গাইনি চিকিৎসক না থাকায় প্রসূতিসেবা মেলে না। এ ছাড়া বন্ধ রয়েছে অস্ত্রোপচারও। এক্স-রে যন্ত্র অকেজো পড়ে আছে ৯ বছর ধরে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন ৬০-৭০ জন ও বহির্বিভাগে সেবা নেন ২০০-২৫০ জন রোগী। পাঁচজন চিকিৎসকের মধ্যে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী। বাকি চার চিকিৎসক অন্তর্বিভাগ, বহির্বিভাগ ও জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা দেন। বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় বলে চিকিৎসকেরা জানান।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার বাসিন্দা জায়তুন নাহার বলেন, এই হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক নেই। এ কারণে প্রসূতিসেবা নিতে সমুদ্র পাড়ি দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যেতে হয়।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, উপজেলার যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে এখানে চিকিৎসকেরা বেশি দিন থাকতে চান না। চিকিৎসক পদায়ন করা হলেও পরে তাঁরা অন্যত্র বদলি হয়ে যান।
জানতে চাইলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এর ফলে পাঁচজন চিকিৎসক নিয়ে পুরো হাসপাতালে চালাতে হচ্ছে।