মান্নান হীরার রচনা ও মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক লাল জমিন-এর প্রদর্শনী শেষে সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরেছেন নির্দেশক সুদীপ চক্রবর্তী। সেখানে নাটকটির তিনটি প্রদর্শনী হয়েছে। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।লন্ডনে ‘লাল জমিন’ নাটকটির তিনটি প্রদর্শনী করেছেন। অভিজ্ঞতা কেমন হলো?খুবই ভালো অভিজ্ঞতা। আমরা যুক্তরাজ্যের পেশাদার থিয়েটার দল চিকেন শেড-এর আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। উত্তর লন্ডনের সাউথ গেটে দ্বন্দ্বনির্ভর নাট্যমৌসুমে গত ৩ অক্টোবর এ নাটকটির প্রদর্শনী হয়। সেখানে প্রবাসী অনেক বাঙালি দর্শক নাটকটি উপভোগ করেন। এরপর আরও দুটি প্রদর্শনী করি। একটি ১৫ অক্টোবর চিলড্রেন এডুকেশন গ্রুপের আমন্ত্রণে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে, অন্যটি করি ১৬ অক্টোবর লন্ডনের দক্ষিণে বাংলাদেশ সেন্টারে। এই বাংলাদেশ সেন্টারটির সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাংলাদেশে নয় মাস যুদ্ধ চলাকালে এই মিলনায়তনে প্রবাসী বাঙালিরা দেশের মুক্তিযোদ্ধাদের সাহায্যের জন্য প্রতিদিন সন্ধ্যায় মিলিত হয়ে ফান্ড সংগ্রহ করতেন। নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ কেমন ছিল?নাটকটি নিয়ে দর্শকের খুবই আগ্রহ দেখা গেছে। এ সফরে আমাদের একটা প্রদর্শনীর আমন্ত্রণ ছিল। শুধু দর্শকের অনুরোধেই আমরা তিনটি প্রদর্শনী করেছি। প্রথম প্রদর্শনীটি দেখার পরই প্রবাসী বাঙালিরা আরও দুটি প্রদর্শনী আমাদের দিয়ে করিয়েছেন। গত ৩ অক্টোবর মুক্তিযুদ্ধের এই নাটকটি দেখার পর অনেক বাঙালি দর্শকই আবেগপ্রবণ হয়ে পড়েন। মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেনু নাটকটি দেখার পর তাঁর সংগীত স্কুলের পক্ষ থেকে বাংলাদেশ সেন্টারে ১৬ অক্টোবর আবার প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানান। নাটকের প্রদর্শনী শেষে মঞ্চে গিয়ে যুদ্ধ চলাকালীন বাংলাদেশ সেন্টারের স্মৃতির কথা তিনি তুলে ধরেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আবেগাপু্লত হয়ে পড়েন। যুক্তরাজ্যে ‘লাল জমিন’ নাটকটির আমন্ত্রণের সুযোগ কীভাবে হলো?আমি ২০০৪ সাল থেকে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কাজ করে আসছি। কানেক্টিং ফিউচার নামে সেখানে একটা প্রকল্প আছে। তাতে আমি কাজ করেছি। প্রকল্পটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের তরুণেরা কাজ করেন। থিয়েটার বিষয় নিয়ে কাজের ক্ষেত্রে আমি এ প্রকল্পের সঙ্গে জড়িয়ে যাই। এর আগেও আমি কয়েকবার থিয়েটার-বিষয়ক কাজ নিয়ে যুক্তরাজ্যে গেছি। সেই ধারাবাহিকতায় ব্রিটিশ কাউন্সিলের প্রকল্পটির মাধ্যমে এ কাজটি যুক্তরাজ্যে আমন্ত্রণ পায়। তবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ বিমান এয়ারলাইনস, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করেছে। আপনি সুবচন নাট্যসংসদ থেকে রবীন্দ্রনাথের চরিত্র নিয়ে ‘দ্বিতীয় বিজয়া’ নামে একটি নাটকের কাজ করতে যাচ্ছেন। কাজটির খবর কী?এখনো কাজটি শুরু হয়নি, প্রাথমিক অবস্থায় আছে। রবীন্দ্রনাথের কবিতাগুচ্ছ পূরবী সংকলন থেকে নাটকটি মঞ্চে আনা হচ্ছে। এটি কবিতাগুচ্ছ ও কল্পনার মিশ্রণ ঘটিয়ে লিখেছেন সুবচন নাট্যসংসদের আসাদুল ইসলাম আসাদ। তবে এ নাটকটির আগে আমি রাধাকৃষ্ণকে নিয়ে একটি কাজ করতে চাই। সম্ভবত এ কাজটি আগে হবে। তবে এটি সুবচন নাট্যসংসদ বা অন্য কোনো দলের ব্যানারে আসবে। এ কাজটি শেষ হলে দ্বিতীয় বিজয়া নিয়ে কাজ শুরু করব। আপাতত রাধাকৃষ্ণ নিয়ে গবেষণার কাজ চলছে। এর আগে আপনি সুবচনের ‘মহাজনের নাও’ নাটকটি নির্দেশনা দিয়েছেন। এটি ছিল গীতল নাটক, গাননির্ভর। ‘রাধাকৃষ্ণ’ কোন আঙ্গিকে মঞ্চে আনা হচ্ছে?রাধাকৃষ্ণও গীতল নাটক হবে। মহাজনের নাও গীতল নাটক এবং গাননির্ভর। তবে রাধাকৃষ্ণ গীতল নাটক হলেও গাননির্ভর হবে না। গান থাকবে, তবে এখানে সংলাপকে প্রাধান্য দেওয়া হচ্ছে।