৫ লাখ মানুষের দাবি লবণ বোর্ড ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কক্সবাজার জেলার ৬০ হাজারের বেশি একর জমিতে উৎপাদিত প্রায় ১৭ লাখ মেট্রিক টন লবণ দিয়ে গোটা দেশের চাহিদা পূরণ করা হচ্ছে। কিন্তু ভারত ও মিয়ানমার থেকে ঢালাওভাবে লবণ আনার কারণে অর্থকরী এ খাত আজ ধ্বংসের মুখে। এতে লবণ উৎপাদন, বিপণন ও পরিবহনের সঙ্গে জড়িত প্রায় পাঁচ লাখ মানুষ চরম আর্থিকসংকটে আছে। মাঠে লবণ উৎপাদন ভালো হলেও বাজারে দাম কমে যাওয়ায় লোকসান হচ্ছে চাষিদের। অনেকে লবণ উৎপাদন না করায় চলতি মৌসুমে ঘাটতি দেখা দিতে পারে।’ গত ৩১ মার্চ সকাল ১১টায় কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের চাষি আবদুল করিম (৬৬) এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘লবণশিল্পের নানা সমস্যার সমাধান ও পাঁচ লাখ মানুষের ভাগ্য বদলে লবণ বোর্ড গঠন সময়ের দাবি। অথচ অতীতে কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে আসছেন। তিনি যেন লবণ বোর্ড গঠনের ঘোষণা দেন আর আমাদের প্রাণে রক্ষা করেন।’ এ সময় লবণচাষি রমজান আলী (৪৫), কালা মিয়া (৫৯) ও মোহাম্মদ আবদুল্লাহ (৩৪) বলেন, ‘বাজারে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ছে। কিন্তু রহস্যজনক কারণে লবণের দাম কমছে। বর্তমানে মাঠে উৎপাদিত প্রতিকেজি লবণ মাত্র এক-দেড় টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে প্যাকেটজাত প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮-২১ টাকায়। অথচ প্রতিকেজি লবণ উৎপাদনে খরচ হয় দুই টাকার বেশি।’লক্ষ্যমাত্রার অতিরিক্ত লবণ: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, গত মৌসুমে (২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত) জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীসহ নয়টি উপজেলায় প্রায় ৭২ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হয় প্রায় ১৭ লাখ মেট্রিক টন। ওই বছর দেশে লবণের বার্ষিক চাহিদা ছিল ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন। চলতি মৌসুমে ১৪ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ১৭ লাখ মেট্রিক টন। কিন্তু দাম কমে যাওয়া ও ৩০ হাজার একর জমিতে উৎপাদন না হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দাম কমে যাওয়ায় চলতি মৌসুমের সাড়ে তিন মাসে (ডিসেম্বর-মার্চ) জেলায় লবণ উৎপাদিত হয়েছে প্রায় সাত লাখ মেট্রিক টন। মৌসুমের অবশিষ্ট এক মাসে আরও তিন লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের সম্ভাবনা আছে। তবে তাতে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।’সরেজমিনে এক দিন: সদর উপজেলার চৌফলদণ্ডী ও ভারুয়াখালীতেও কয়েক হাজার একর জমিতে লবণ চাষ হয়নি। গত ৩১ মার্চ ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ জানান, তাঁর ইউনিয়নে পাঁচ হাজার একরের বেশি জমি খালি রয়েছে। এতে ১০ হাজারের বেশি চাষি বেকার হয়ে পড়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে চাষ করলেও লোকসানের কারণে লবণ বিক্রি করতে পারছেন না। চৌফলদণ্ডী গ্রামের চাষি হামজা আলী (৪৬) জানান, চলতি মৌসুমে তিন একর জমিতে লবণ চাষ করে তিনি এ পর্যন্ত দেড় লাখ টাকা লোকসান দিয়েছেন। সদর উপজেলার পোকখালী, ইসলামপুর, ঈদগাঁও, গোমাতলীর মতো টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া উপজেলায় হাজার হাজার জমি এখনো খালি পড়ে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের চাষি মনির উল্লাহ (৪৫) বলেন, ‘এখন এক মণ লবণ বিক্রি করে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৭০ টাকা। এর মধ্যে ১৫ টাকা দালাল-ফড়িয়াদের হাতে তুলে দিতে হয়। বাকি ৫৫ টাকা দিয়ে দুই কেজি নিম্নমানের চালও পাওয়া যাচ্ছে না।’ লবণ বোর্ড ঘোষণার দাবিমহেশখালীর কুতুবজোমের চাষি আমির তাহের (৪৫), টেকনাফের রঙ্গিখালীর কেরামত উল্লাহ (৩২) ও চকরিয়ার দিল মোহাম্মদ (৫৪) জানান, লবণের ন্যায্যমূল্য নির্ধারণ, সরকারিভাবে আপৎকালীন মজুদ ও চাষিদের ঋণসুবিধা নিশ্চিত করা গেলে কক্সবাজারের লবণশিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এজন্য দরকার লবণ বোর্ড গঠন। কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মো. রইছ উদ্দিন জানান, ‘লবণ বোর্ড গঠন এবং ভারত ও মিয়ানমার থেকে লবণ আনা বন্ধের ব্যাপারে সরকার আন্তরিক হলেও কিছু প্রভাবশালী ও আমলার চক্রান্তের কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। আজ রোববার প্রধানমন্ত্রী লবণচাষিদের ভাগ্য বদলে কী ঘোষণা দেন—তা দেখার জন্য চাষিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ নীতিমালা চূড়ান্ত:বিসিক কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা জানান, সরকার পাঁচ বছর মেয়াদি জাতীয় লবণনীতি চূড়ান্ত করেছে। নীতিমালায় লবণের ন্যায্যমূল্য নিশ্চিতসহ চাষিদের ঋণসুবিধা, ব্যাংকের ঋণের জন্য কৃষকের আদলে লবণচাষিদেরও পরিচয়পত্র প্রদান, চাষিদের জন্য খাসজমি বরাদ্দ ও উপকূলীয় এলাকায় পরিত্যক্ত জমি লবণ চাষের আওতায় আনার কথা রয়েছে।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, ‘মধ্যস্বত্বভোগী কিছু ব্যক্তির হাতে জেলার হাজার হাজার চাষি জিম্মি। লোকসান দিয়েই উৎপাদিত লবণ বিক্রি করতে হচ্ছে চাষিদের। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।’ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন জানান, আজ লবণবোর্ড গঠনসহ চাষিদের নানা সুযোগ-সুবিধার ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী।