৫ সেরা রাজস্ব দাতার তালিকায় চট্টগ্রামের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বড় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবার কাস্টম হাউসের সেরা রাজস্বদাতার পুরস্কার পেয়েছে। একক প্রতিষ্ঠান হিসেবে আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস এবং নুরজাহান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মারিন ভেজিটেবল অয়েল কোম্পানি সবচেয়ে বেশি রাজস্ব প্রদানের জন্য এই পুরস্কার পেয়েছে।আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস গুঁড়ো দুধ আমদানি ও মারিন ভেজিটেবল ওয়েল কোম্পানি ভোজ্যতেল আমদানি বাবদ এই রাজস্ব দিয়েছে সরকারকে। গত বৃহস্পতিবার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ এই দুটিসহ পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সেরা রাজস্বদাতার পুরস্কার তুলে দেন। অপর তিনটি কোম্পানি গাড়ি ও ইলেকট্রনিক্স সামগ্রী আমদানিতে বেশি রাজস্ব প্রদানের জন্য পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে এবারই প্রথম এ ধরনের পুরস্কার চালু করল কাস্টম হাউস।কাস্টম হাউসের যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি রাজস্ব প্রদানকারী পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে এই পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচটি সরকারি প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়।’কাস্টম হাউসের হিসেবে দেখা যায়, চট্টগ্রামের নুরজাহান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মারিন ভেজিটেবল অয়েল কোম্পানি তৃতীয় সেরা রাজস্বদাতা নির্বাচিত হয়েছে। এই কোম্পানি রাজস্ব দিয়েছে ১৬৫ কোটি টাকা। কাস্টম হাউসের পরিসংখ্যানে দেখা যায়, মারিন ভেজিটেবল অয়েল কোম্পানি ২০১০-১১ অর্থবছরে ভোজ্যতেল আমদানি করেছে এক লাখ ৮৭ হাজার ৮২৭ টন। অবশ্য নুরজাহান গ্রুপের আরও দুটি কোম্পানি জাসমির এবং নুরজাহান সুপার অয়েলসহ এই গ্রুপের মোট আমদানির পরিমাণ ছিল তিন লাখ আট হাজার ৯৭৫ টন। গত অর্থবছর দেশে বাজারজাত হওয়া ভোজ্যতেলের প্রায় সাড়ে ২৩ শতাংশই আমদানি করে এই গ্রুপটি। তবে একক প্রতিষ্ঠানের রাজস্ব প্রদানের বিষয় বিবেচনা করায় নুরজাহান গ্রুপের অপর দুটি কোম্পানি থেকে পাওয়া রাজস্ব বিবেচনায় আনা হয়নি।কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, গত অর্থবছর দেশে নয় হাজার ৫৫৩ কোটি টাকার ভোজ্যতেল আমদানি হয়। ভোজ্যতেল থেকে রাজস্ব আদায় হয় এক হাজার ২৪৬ কোটি টাকা। কাস্টম হাউসে ভোগ্যপণ্যের বিপরীতে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় ভোজ্যতেল থেকে। নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, ‘নানা প্রতিকূলতা ডিঙিয়ে আমাদের ব্যবসা করতে হয়। প্রথমবারের মতো স্বীকৃতি দিয়ে কাস্টম হাউস প্রশংসনীয় কাজ করেছে।’ রাজস্বদাতাদের পুরস্কার দেওয়ার এই উদ্যোগ ব্যবসায়ীদের অনুপ্রেরণা দেবে বলে মনে করেন তিনি।ভোজ্যতেল ছাড়াও গুঁড়োদুধ আমদানি করে সবচেয়ে বেশি রাজস্ব দিয়েছে আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রডাক্টস। গত অর্থবছরে দেশে এক হাজার ২৯০ কোটি টাকার ৫৩ হাজার ৫১৮ টন গুঁড়োদুধ আমদানি হয়। এ থেকে রাজস্ব আদায় হয় ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে আবুল খায়ের মিল্ক প্রডাক্টস একাই রাজস্ব দিয়েছে ১৯১ কোটি টাকা। এই পরিমাণ রাজস্ব দিয়ে প্রতিষ্ঠানটি দ্বিতীয় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।