৫ হাজার বছর আগের ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেঁড়া ও বিবর্ণ একটি পোশাকের সন্ধান মিলেছে মিসরের একটি প্রাচীন সমাধিতে। এটিই বিশ্বের সবচেয়ে পুরোনো পোশাক—বলছেন প্রত্নতত্ত্ব গবেষকেরা। পাঁচ হাজার বছর আগে কোনো এক দক্ষ কারিগর এই বস্ত্র তৈরি করেন। বুনন করা পোশাক হিসেবেও এটি প্রাচীনতম।
পোশাকটি দেখে সেই প্রাচীন মিসরের ফ্যাশন সম্পর্কেও ধারণা মেলে। চমৎকার সেলাই এবং ভাঁজ এমনই ইঙ্গিত দেয় যে সেই যুগের সমাজে বিত্তবৈভব আর কাপড় বোনার মতো জটিল কলাকৌশলের অস্তিত্ব ছিল। গবেষকেরা বলেন, তারখান নামের বিরল পোশাকটি উদ্ভিদ তন্তু বা কোনো প্রাণীর ত্বক দিয়ে তৈরি।

তারখান নামের বিরল পোশাক
তারখান নামের বিরল পোশাক

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত পেট্রি মিউজিয়াম অব ইজিপশিয়ান আর্কিওলজির তত্ত্বাবধায়ক অ্যালিস স্টিভেনসন ওই বিরল পোশাক নিয়ে একটি গবেষণা প্রতিবেদন লিখেছেন অ্যান্টিকিটি সাময়িকীতে। এতে বলা হয়, বিভিন্ন প্রত্নস্থান থেকে এ পর্যন্ত যেসব পোশাক উদ্ধার করা হয়েছে, সেগুলোর বয়স দুই হাজার বছরের বেশি নয়। সেই যুগের বস্ত্রগুলো ছিল শরীরে মুড়িয়ে পরার উপযোগী। কিন্তু তারখান অনেকটা এখনকার জামার মতোই। প্রাচীন যুগের এই চটকদার পোশাক তখনকার ফ্যাশনের বৈশিষ্ট্য ধারণ করে। এতে আছে দরজির তৈরি সুনিপুণ হাতা, ‘ভি’-গলা এবং সরু ভাঁজ। নকশাটা এমন যে এটা আধুনিক পোশাকের দোকানেও দিব্যি মানিয়ে যাবে।
এমন চমৎকার বৈশিষ্ট্যের পোশাক কোনো দক্ষ কারিগরের পক্ষেই বানানো সম্ভব। আর সমৃদ্ধ ও সুশৃঙ্খল কোনো প্রাচীন সমাজেই এমন শিল্পীদের উপস্থিতি সম্ভব ছিল। মিসরে পাঁচ হাজার বছর আগে কোনো একক শাসকের অধীনে সেই সমাজব্যবস্থার অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়।
মিসরের ওই সমাধিক্ষেত্রে কয়েক হাজার বছর ছিল পোশাকটি। প্রত্নগবেষকেরা ১৯০০ সালের দিকে এটি লন্ডনের পেট্রি জাদুঘরে পাঠান। সেখানে আরও অনেক প্রাচীন নিদর্শনের আড়ালেই পড়ে ছিল বস্ত্রটি। ১৯৭৭ সালে আলাদাভাবে গবেষকদের নজরে পড়ে এটি। রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে পোশাকটির বয়স সম্পর্কে নিশ্চিত হন গবেষকেরা।
পোশাকটিতে ভাঁজের দাগ, কনুই ও অন্যান্য অংশ দেখে বোঝা যায়, এটা কেউ একজন কখনো গায়ে দিয়েছিলেন। কেবল সাজিয়ে রাখার জন্য জামাটি বানানো হয়নি। অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের গবেষক জ্যানা জোন্স বলেন, প্রাচীন যুগের উচ্চশ্রেণির মানুষদের পক্ষেই এমন পোশাক ব্যবহারের বিলাসিতা সম্ভব ছিল।