বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হলো ৩ ও ৪ জানুয়ারি। ৫০ ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী হূদয়ের টানে ছুটে এসেছিলেন ফেলে আসা সেই সুবজ ক্যাম্পাসে।বিশ্ববিদ্যালয়ের পাশে বহমান ব্রহ্মপুত্র নদ। এর পাশে বোটানিক্যাল গার্ডেনের তীর ঘেঁষে রচিত হয়েছে কত প্রেম, কত কবিতা। সেসব কবিতার কবি ও প্রেমিকযুগলকে আবার নৌকায় চড়ে মাঝনদীতে গিয়ে গান গাইতে দেখা গেল, বটগাছের ছায়ায় আড্ডা দিতে দেখা গেল। এখনো এখানে আগের মতো সুনসান নীরবতা। অশোক, তমাল, আমলকী, অর্জুনসহ হাজারো ঔষধি গাছ এখনো কালের সাক্ষী হয়ে আমাদের স্বাগত জানিয়েছে।কথা হলো, সবাই মিলে আজ ভাত খাব জব্বার ক্যানটিনে। আমাদের প্রিয় জব্বার ভাই এই ক্যানটিন চালাতেন। খুব সস্তায় তিনি আমাদের ভালো খাওয়াতেন। দিনে দিনে ক্যানটিন-সংলগ্ন মোড়ের নাম হয়ে গেল জব্বারের মোড়। রাজনৈতিক মিটিং, সাংস্কৃতিক চর্চা ও আড্ডার জন্য বিখ্যাত ছিল জব্বারের মোড়। আজকের সময়ের অনেক সফল পেশাজীবীর ঋণ আছে জব্বার ভাইয়ের কাছে। আজ জব্বার ভাই নেই। হারিয়ে গেছেন কালের আবর্তে। ক্যানটিন চালান অন্য আরেকজন। তবুও আমরা ভাত খেয়েছি প্রিয় জব্বার ভাইয়ের ক্যান্টিনে। লাল টকটকে ঝোলের মধ্যে ছোট এক টুকরো মুরগির মাংস আর গরম ভাত। আহ্, এ যেন অমৃতের স্বাদ! অনেকে নস্টালজিক হয়ে ডাক দিয়ে বললেন, ‘জব্বার ভাই, আরেক প্লেট ভাত।’ মনে পড়ে, কত দিন নাটকের মহড়া শেষ করে জব্বারের ঝাঁপ-ফেলে-দেওয়া ক্যানটিনে টোকা দিয়েছি। ভেতর থেকে ঝাঁপ খুলে জব্বার ভাই বলতেন, ‘স্যার, আইছুন, খাবার রাইখ্যা দিছি।’ঋণ কি শুধু জব্বার ভাইয়ের কাছে? কী করে ভুলি সোহরাওয়ার্দী হলে দুলাল ক্যানটিনের দুলালের কথা, ফজলুল হক হলের বাচ্চু মিয়া কিংবা টঙের দোকানের প্রমোদদার কথা। রাত করে পরীক্ষার প্রস্তুতির ফাঁকে ফাঁকে প্রমোদদার দোকানের চা-শিঙাড়া না হলে মগজই খুলত না। আমাদের হলের গার্ড বাহাদুরকে রাত-বিরাতে আমরা কি কম জ্বালিয়েছি? কিন্তু আজ তাঁরা কোথায়।বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিগন্তে শুধু সবুজ আর সবুজ ধান, গম, সরিষা আর কলাইয়ের খেত। এসব মাঠে চলত আমাদের পরীক্ষা-নিরীক্ষা আর গবেষণা। মাঝেমধ্যে রয়েছে উদ্যানতত্ত্ব, কৃষিতত্ত্ব, খামারবাড়ি, মৎস্য গবেষণার পুকুর এবং মাঠের মধ্য দিয়ে পায়ে চলা আঁকাবাঁকা রাস্তা। এসব রাস্তা দিয়ে হেঁটে গেছেন কত শিক্ষার্থী! আজ তাঁদের অনেকে দেশের বড় কৃষিবিশেষজ্ঞ। দেশের বাড়তি মানুষের খাদ্যের চাহিদা ও পুষ্টির চাহিদা মেটাতে চলছে তাঁদের নিরন্তর গবেষণা। নতুন নতুন উচ্চফলনশীল ফসলের জাত আবিষ্কার করে গত অর্ধশতকে দেশকে তাঁরা অনেক দিয়েছেন। বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন, আবাসিক হল, টিএসসি ও ক্যাম্পাসের আনাচকানাচে আমরা খুঁজে ফিরছি স্মৃতি। সবকিছুই আছে আগের মতো, কিন্তু সেখানে যেন কিসের অনুপস্থিতি। বোবা কান্নায় ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়; অন্ধকারে হারানো পয়সা খোঁজার মতো আমরা শুধু খুঁজতে থাকি। আবার কবে দেখা হবে, হারানো বন্ধুদের সঙ্গে?