৫০ কিলোমিটার দুরত্বে এক বছরে ৬৪ জনের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে দুর্ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। আর প্রতিটি দুর্ঘটনায় অনেক তাজা ও সম্ভাবনাময় প্রাণ ঝরে যাচ্ছে। সর্বশেষ গত শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক উপপরিদর্শকসহ পুলিশের নয় সদস্যের মর্মান্তিক মৃত্যু। উদ্ভুত অবস্থায় জেলা ও পুলিশ প্রশাসন নরসিংদী এলাকায় ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও করণীয় নিয়ে ভাবছে। নরসিংদীর পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলায় রয়েছে ৫০ কিলোমিটার। গেল বছরে (২০১০) এই দূরত্বে দুর্ঘটনায় প্রাণ হারায় ৬৪ জন। পঙ্গুত্ব বরণ করে ৭৪ জন। আর আহত হয় অসংখ্য। তবে পরিবহন ব্যবসায়ীদের হিসাব মতে, এই সময়ের মধ্যে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, দুর্ঘটনার মাত্রা নরসিংদীর সদর, রায়পুরা, বেলাব ও শিবপুর উপজেলা এলাকায় বেশি। ২০১০ সালে দুর্ঘটনায় নরসিংদী সদরে ১১ জন, রায়পুরায় ১৩ জন, শিবপুরে ২৭ জন , পলাশে চারজন, বেলাব উপজেলায় নয়জন প্রাণ হারায়। গেল বছর এ বিষয়ে মামলা হয়েছে ৩৭টি।পরিবহন ব্যবসায়ী, চালক ও শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নরসিংদীর পাঁচটি উপজেলার মধ্যে পলাশ ছাড়া বাকি চারটি উপজেলার জনবসতি মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠেছে। এ কারণে উপজেলার লোকজন ব্যবসায়িক ও প্রাত্যহিক কাজে মহাসড়ক ব্যবহার না করে পারে না। রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিত্যদিনের ব্যবহার্য পণ্য পরিবহনে মহাসড়ক ব্যবহার করতে হয়। এ কারণে দ্রুত যানগুলো এখানে এসে বিপাকের মধ্যে পড়ে। বিশেষ করে জেলাটি সবজির অঞ্চল হিসেবে পরিচিত। সবজির ছয়টি বড় হাট এবং অসংখ্য ছোট হাট মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠার কারণে মহাসড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যে সপ্তাহের বুধবার, সোমবার ও শুক্রবার বারৈচা বাজার, শনি ও মঙ্গলবার নারায়ণপুর, রোববার জঙ্গলী শিবপুর, বুধবার জোশর, মঙ্গলবার সৃষ্টিগড় ও সোমবার কোন্দারপাড়া সবজির হাট বসার কারণে ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। অধিকাংশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে পুলিশ প্রশাসন এসবের যোগসূত্র খুঁজে পেয়েছে। নরসিংদীর পুলিশ সুপার আক্কাস উদ্দীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী এলাকায় অনেক সমস্যা রয়েছে। লক্ষ করলে দেখা যাবে, মহাসড়কটির একপাশ কাত হয়ে গেছে। মাধবদী এলাকায় সড়ক অনেকটা সরু। তারপর আবার দুই পাশে রাস্তা। মহাসড়কের পাশে সবজির হাট বাড়তি সমস্যা। এসব কারণে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ না থাকার কারণে। নরসিংদীর এই লম্বা দূরত্বের জন্য মাত্র ১৭ জন ট্রাফিক পুলিশ রয়েছেন। সার্জেন্ট রয়েছেন দুজন। উপপরিদর্শক আছেন একজন। গাড়ির সংখ্যা এক। তিনি বলেন, যত সমস্যাই থাক, এখন আমাদের কিছু উদ্যোগ গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় নেই।