৫০ ঘণ্টায় নবজাতকের ডিএনএ পরীক্ষা
জিনগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসায় নতুন আশার কথা শুনিয়েছেন মার্কিন গবেষকেরা। তাঁরা বলছেন, ৫০ ঘণ্টা বা দুই দিনের মধ্যেই গুরুতর অসুস্থ নবজাত শিশুর ডিএনএ বিশ্লেষণ করা যাবে। এর ফলে রোগ নির্ণয়ের মাধ্যমে দ্রুততার সঙ্গে শিশুর সুরক্ষায় চিকিৎসকেরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। আগে এমন প্রক্রিয়া সম্পন্ন করতে মাস খানেক সময় লাগত।বংশানুক্রমিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে জিন। এই জিন হলো ডিএনএর অংশ। ডিএনএর মাধ্যমে তৈরি প্রোটিন আমাদের যাবতীয় শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।ডিএনএ বিশ্লেষণের নতুন পদ্ধতিটি প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের মিসৌরির ক্যানসাস সিটির চিলড্রেন মার্সি হাসপাতালের গবেষকেরা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন স্টিফেন কিংসমোর। গত বুধবার তাঁদের এ পদ্ধতির খবরটি প্রকাশ করেছে চিকিৎসাবিজ্ঞান-বিষয়ক সাময়িকী সায়েন্স ট্রান্সেশনাল মেডিসিন।গবেষকেরা নতুন পদ্ধতিতে পাঁচ নবজাত শিশুর রক্তের নমুনা থেকে জিনোম বিশ্লেষণ করেন। শিশুদের মধ্যে দুই ভাইও ছিল। তারা অজানা রোগে আক্রান্ত ছিল। গবেষকেরা চারটি শিশুর মধ্যে একই ধরনের জিনগত পরিবর্তন দেখতে পান। তাঁরা শিশুদের মা-বাবার জিনোমও বিশ্লেষণ করেন। তাঁরা দেখতে পান, কিছু জিনগত পরিবর্তন সম্পূর্ণই নতুন। অন্য জটিলতাগুলো মা-বাবার কাছ থেকেই পাওয়া। নেচার।