৫০ টাকায় ঢাকা থেকে পাঁচবিবি!
>

ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে যাওয়া যায় মাত্র ৪০-৫০ টাকায়। কীভাবে? কারওয়ান বাজারে প্রতি রাতেই সবজি ভরে আসে ট্রাক। সেটা ফিরে যাওয়ার সময় যাত্রীও নিয়ে নেয়। সেসব ট্রাকেই বাড়ির পথে রওনা হন স্বল্প আয়ের মানুষেরা। এই দৃশ্য প্রতি রাতের। আগস্টের প্রথম সপ্তাহে রাতে সরেজমিন দেখা হয় বাড়ি ফেরার এই উপায়।
প্রতিবেদনের ছবি তোলার জন্য ২৭ সেপ্টেম্বর রাতেও মেলে একই চিত্র
বাসের মুশকিল হলো এই, সেখানে বাঁধাধরা ভাড়ায় যাতায়াত করতে হয়। এসিতে হাজার বারো শ, সাধারণ বাস হলে কম করে হলেও ৬০০ টাকা। ঢাকা শহরের রিকশাচালক রেজাউলের কাছে সে তো ‘ম্যালা ট্যাকার ফ্যাঁকড়া।’ ওই টাকায় ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাটের পাঁচবিবিতে বছরে দুবারের বেশি গেলে তাই পোষায় না।
তবে রেজাউলের ‘দ্যাশ-গিরামে’ যেতে হয় প্রায় প্রতি মাসে একবার। পাশের বাড়ির সঙ্গে জমি নিয়ে বিবাদ, ছেলের বউয়ের অশান্তি, এমনকি খেতে পানি দেওয়ার মতো একটা না একটা উপলক্ষ থাকে প্রতি মাসেই। তাই ৫০০ টাকার বদলে ৫০ টাকার গাড়িই ভালো রেজাউলের বাড়ি যাওয়ার জন্য। এত কম টাকাতেও বাড়ি যাওয়া যায়!
গত ২ আগস্ট রাত ১১টার পর রেজাউলের মতো ঢাকার কারওয়ান বাজারের ফুটপাতে অপেক্ষায় থাকা জনা পঞ্চাশেক যাত্রী দেখে সে কথাটা বিশ্বাস হলো। একটা করে ব্যাগ বা বস্তা নিয়ে ফুটপাতে বসে থাকা এই মানুষগুলো বাড়িতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায়। যাত্রাটাও রোমাঞ্চকর। এই যাত্রা খোলা ট্রাকে।
গুলিস্তানের একটি ভবনের নির্মাণশ্রমিক মো. জীবনের কাছ থেকে জানা গেল, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে সবজি বা গরু নিয়ে আসা ট্রাকগুলো রাত ১০টার পর থেকে ঢাকায় ঢুকতে শুরু করে। রাতের মধ্যেই আবার ঢাকা ছাড়তে হয় সেগুলোকে। ফিরে যাওয়ার সময় এই ট্রাকেই যাত্রী হয়ে পড়েন অপেক্ষায় থাকা লোকজন। রাতভর চলার পর ভোরে পৌঁছে যান বাড়িতে। কারওয়ান বাজার ছাড়াও মহাখালী ও গাবতলী থেকেও এসব ট্রাকে যাওয়া যায়।
জীবনের সঙ্গে আলাপের মধ্যেই একটা ট্রাক এসে থামল কারওয়ান বাজার আন্ডারপাসের (প্রজাপতি গুহা) পাশে। হেলপার মুখ বাড়িয়ে হাঁক দিলেন, ‘বোগড়া (বগুড়া), গাইবান্দা, বোগড়া।’ দলা পাকিয়ে থাকা যাত্রীদের কয়েকজন তড়িঘড়ি করে হেলপারের সামনে এসে দাঁড়ালেন, ‘বোগড়া কত?’
‘৫০ টাকা।’
‘৩০ দিই?’
‘না। ৪০ টাকা। এক ভাড়া।’
১০-১২ জনের সঙ্গে জীবনও উঠে পড়লেন খোলা ট্রাকে। বাকিরা ফিরে এসে আবার দাঁড়ালেন।
‘ট্যাকায় কি কামড়ায়!’ রাস্তার পাশে ব্যাগ রাখতে রাখতে বলছিলেন ফিরে আসা যাত্রীদের একজন পোশাকশ্রমিক মিঠু আকন্দ। তাঁর বাড়ি বগুড়ার মোকামতলা। এর মধ্যে ঝপ করে বৃষ্টি নামলেই অনেকে দৌড়ে আশ্রয় নিলেন আশপাশের দোকানগুলোর নিচে। মিঠু এবার সিদ্ধান্ত বদলেছেন, ‘না ট্রাকে না, পেপারের গাড়িতে যামু। তয় ভাড়া ১০ টেকা বেশি নিব।’ ঢাকা থেকে সারা দেশে পত্রিকা যায় যেসব গাড়িতে, সেসব গাড়ি বৃষ্টির জন্য পলিথিন বা ত্রিপল দিয়ে ঘেরা থাকে। তাই বৃষ্টিতে ভেজার শঙ্কা থাকে না।
এবার পরপর দুটি ট্রাক এসে থামল। অনেকেই দৌড়ে গেলেন সেদিকে। ট্রাকের ড্রাইভার মোতাহের আলীর কাছে জানতে চাইলাম কত আয় হয় যাত্রী নিয়ে? ‘এই মনে করেন যে এক হাজার, বারো শ। এর মধ্যে হেলপার কিছু পায়, বাকিটা আমার। তয় ঈদের সময় মালিকও ভাগ নেয়। তহন যাত্রী বেশি হয় তো।’
রাত বাড়ছে, ট্রাক বাড়ছে, বাড়ছে যাত্রীর সংখ্যা।
প্রথম দেখা রেজাউলের সঙ্গে আবার দেখা রাত আড়াইটায়। আমাকে দেখে একগাল হেসে বললেন, ‘রাত বেশি হইলে বেশি ট্রাক আহে। ট্যাকাও কম লাগে। তয় ট্রাকের সংখ্যা একটু পর কমতে শুরু করব। তাই অহনই উইঠা পড়মু।’ এরই মধ্যে একটা ট্রাক এল পাঁচবিবি হয়ে হিলি পর্যন্ত যাবে। রেজাউল ৫০ টাকা ভাড়া ঠিক করে ব্যাগ ছুড়ে দিলেন ট্রাকের মধ্যে থাকা অন্য একজনের দিকে। এরপর পাশ বেয়ে উঠে পড়লেন। ট্রাক চালু হচ্ছে। ট্রাকের পেছনে হাঁটতে হাঁটতেই প্রশ্ন করি, সারা রাত ধরে খোলা ট্রাকে যাবেন কোনো বিপদ? ট্রাক থেকে রেজাউল খানিকটা সামনে ঝুঁকলেন, ‘আট বছর ধইরা যাইতেছি। বাঁচানোর মালিক তো আল্লা।’ বাকিটা বোঝা গেল না, ট্রাক তখন বেশ খানিকটা চলে গেছে।