৫০ নয়, মধ্যবয়স এখন ৬০ বছরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার বয়স যদি হয় ৫০, তাহলে আশার সলতেটা আরও খানিকটা উসকে দিন! নিজেকে ‘মধ্যবয়সী’ ভেবে হাপিত্যেশ করার দিন যে ফুরিয়ে এল। কারণ, গবেষকেরা বলছেন, মধ্যবয়স এখন ৬০ বছরে!


সম্প্রতি তথ্যটা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাপলাইড সিস্টেমস অ্যানালাইসিস (আইআইএএসএ) এবং যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষকেরা। তাঁদের মতে, বুড়ো বয়স বলতে আমরা যা জেনে এসেছি, তা এখন বাতিলের খাতায় চলে গেছে। বয়স এখন কেবল ‘পৃথিবীর পথে কত দিন ধরে হাঁটিতেছেন’—সেটার হিসাব নয়। বয়সের মানে আরও ‘দীর্ঘ’ কিছু!

আইআইএএসএর গবেষক দলটির প্রধান ছিলেন সের্গেই শেরবভ। ৬০ বছরের এই ‘মধ্যবয়সী’র ভাষায়, মধ্যবয়স নিয়ে তর্ক করার যথেষ্ট অবকাশ আছে। ২০০ বছর আগে ৬০ বছর বয়সীদের বুড়োদের তালিকায় ফেলে দেওয়া হতো। এখন নতুন করে ভাবার সময় এসেছে।

কেন নতুন করে ভাবতে হবে? তার উত্তরে সের্গেই জানিয়েছেন, গবেষণাটি চালানো হয়েছে মূলত ইউরোপীয়দের ওপরে। সেখানে ২০৫০ সাল পর্যন্ত মানুষের গড় আয়ু যা হবে, সেটার ওপর ভিত্তি করেই নিজেদের তথ্যের যৌক্তিকতা দেখাচ্ছেন তাঁরা। এই তথ্য-উপাত্তগুলো প্রকাশিত হয়েছে ‘প্লস ওয়ান’ সাময়িকীতে। সেখানে বলা হয়েছে, মোট জনগোষ্ঠীর মধ্যে বৃদ্ধের সংখ্যা প্রতিনিয়ত কমছে। পাশাপাশি বাড়ছে গড় আয়ু। আর এসবের যোগ-বিয়োগে যেটা দাঁড়াচ্ছে, তাতে করে ৫০ বছর বয়সীদের ‘মধ্যবয়সী’ আখ্যা দেওয়া কঠিনই বটে।

যুক্তরাষ্ট্রের জনগণের গড় আয়ু আগের তুলনায় এখন অনেক বেশি। ২০১৪ সালে দেশটির সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিজারভেশন একটি জরিপ চালিয়েছিল। সেখানে দেখা গেছে, ২০১২ সালে মানুষের গড় আয়ু পৌঁছেছিল ৭৮ দশমিক ৮ বছর! সেটাই এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের গড় আয়ুই বেশি ছিল। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার কমেছিল ১ দশমিক ১ শতাংশ।

এ তো গেল ইউরোপের হিসাব। এশিয়া বা বাংলাদেশের কী অবস্থা? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ২০১৪ সালের মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের ফলাফলে জানা গেছে, বাংলাদেশিদের গড় আয়ু ৭০ দশমিক ৭ বছর। তার আগের বছর ছিল ৭০ দশমিক ৪ বছর। বাংলাদেশেও পুরুষের চেয়ে নারীরা গড়ে বেশি দিন বাঁচেন। নারীরা বাঁচেন গড়ে ৭১ দশমিক ৬ বছর। পুরুষদের গড় আয়ু ৬৯ দশমিক ১ বছর।
ফলে, এই হিসাবগুলোও বাংলাদেশিদের জন্য দারুণ আশাব্যঞ্জক! অতএব, পঞ্চাশেই মুখ শুকিয়ে ‘বুড়ো হয়ে যাচ্ছি’ না বলে জীবনের হাফ সেঞ্চুরি উপভোগ করুন। মধ্যবয়সে পা রাখতে যে এখনো বছর দশেক বাকি!

সূত্র: হাফিংটন পোস্ট