৫০ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পুরোনো আমতলা। শীতের সূর্যটা লাল আলো বুকে নিয়ে ডুবে যাচ্ছিল পশ্চিম আকাশে। আমগাছগুলোয় লাল, নীল মরিচাবাতি। ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এ রকম দৃশ্য খুব একটা চোখে পড়ে না। অসংখ্য আমগাছের প্রতিটির নিচে বসেছে আড্ডা। জমজমাট সব আড্ডা। তেমনি একটি গাছের গোড়ায় আড্ডা দিচ্ছিলেন এই কলেজের ২০০৬ ব্যাচের সোহেল রানা, আবিদা ফারজানা, নায়লা ইসলামসহ বেশ কয়েকজন। মেয়েদের সবার পরনেই শাড়ি। আড্ডার মধ্যেই পেছন থেকে হঠাৎ প্রশ্ন—‘আরে, তুই নায়লা না! তোর কী খবর, কোথায় কাজ করছিস?’ কিন্তু এমন কথায় নায়লা একটু অবাক দৃষ্টিতে তাকালেন বক্তার দিকে। ‘আরে, তুই সালাউদ্দিন না? তোর এখনো মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে নাকি?’ এ রকম নানা শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছিল কলেজ প্রাঙ্গণ।১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ কলেজ একে একে পার করে এসেছে ৫০টি বছর। দীর্ঘ এই ৫০ বছরের যাত্রীদের নিয়েই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের (এক্সসাক) আয়োজনে গত ২৮ জানুয়ারি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসে বসেছিল সুবর্ণজয়ন্তীর আসর। অন্য সব দিনের চেয়ে ২৮ জানুয়ারির দিনটা একটু অন্য রকম ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। ক্যাম্পাসের চারদিকে অসংখ্য বেলুন আর ফেস্টুন জানান দিচ্ছিল, ভেতরে বেশ ঘটা করেই কিছু একটা হচ্ছে। চারদিকের সাজসজ্জা বাড়িয়ে দিয়েছিল ক্যাম্পাসের নিয়মিত সৌন্দর্য। এ উৎসবে যেন প্রজাপতি হয়ে উড়ে বেড়াচ্ছিলেন শুরু থেকে বর্তমানের হাজারো শিক্ষার্থী। কলেজটিতে প্রবেশ করলেই যেখানে সবার আগে দেখা যেত নীরবতা, সেখানে যেন আজ প্রাণের বন্যা। কেউ বয়সে তরুণ, আবার কেউ-বা একটু বয়স্ক। কিন্তু সবার মধ্যেই কেমন যেন তারুণ্য, উচ্ছলতা।নতুন শিক্ষার্থীরাও যোগ দিয়েছিলেন এ উৎসবে। ‘মাত্র কয়েক দিন হলো কলেজে ভর্তি হয়েছি। এখানে টিফিনে কলিজার শিঙাড়া পাওয়া যায়। এক দিন ক্যানটিনে শিঙাড়া খেতে গিয়ে দেখি, এর মধ্যে কোনো কলিজা নেই। সামনেই দাঁড়িয়ে ছিলেন একজন বয়স্ক লোক। আমরা কজন তাঁকে গিয়ে বললাম, দেখেন তো আঙ্কেল, নামে কলিজার শিঙাড়া, কিন্তু এর মধ্যে কোনো কলিজা নেই। বলার পর পেছনে তাকিয়ে দেখি, সবাই হাসছেন। পরে দেখি, ওখানেই আমাদের ভাইস প্রিন্সিপাল। আমরা তো খুব ভয় পেয়েছিলাম। কিন্তু স্যার আমাদের কিছুই বলেননি; বরং পরদিন থেকে শিঙাড়ায় কলিজা বাধ্যতামূলক করে দিলেন। তখন আমাদের আনন্দ আর দেখে কে!’ কথাগুলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০০৭ ব্যাচের শিক্ষার্থী নাজিয়া তাসমিন ও আইরিন সুলতানার।অতীতের হাসি-ঠাট্টা আর সুখ-দুঃখের গল্পে এভাবেই কলেজজীবনের স্মৃতি রোমন্থন করলেন অনেকে। এ আয়োজনে সাড়া দিয়ে অনেকেই ছুটে এসেছিলেন বিদেশ থেকে। সবার যেন একটাই উদ্দেশ্য, প্রাণের মিলন। কলেজের আমতলা, কাঁঠালবাগান, খেলার মাঠ আর একাডেমিক ভবনগুলো পেয়ে অনেকেই ফিরে গিয়েছিলেন অতীতে। সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতের খাবার, র‌্যাফেল ড্র আর মজাদার সব পরিবেশনার পরশ নিয়ে রাতে সবাই যখন বাড়ি ফিরছিলেন, তাঁদের সবার প্রাণেই বাজছিল একটি গান, ‘আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয়...।’