৫০ শয্যার নতুন ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর অপেক্ষার পর সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করা হলো। নতুন ভবনে অপারেশন থিয়েটার (অস্ত্রোপচার কক্ষ), নতুন এক্স-রে মেশিন, গাইনি (প্রসূতি), দন্ত, আলট্রাসনোগ্রাফি ও ইসিজি বিভাগ চালু করা হয়েছে। এতে উপজেলার চার লাখ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবে বলে আশা করা হচ্ছে। ভবনটি নির্মাণে তিন কোটি ৭১ লাখ ১৬ হাজার টাকা খরচ হয়েছে। গত শনিবার সকালে ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবু তাহেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, পৌর মেয়র সফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, প্রবীণ চিকিৎসক এখলাছ উদ্দিন, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেহান উদ্দিন ও রেজাউল করিম, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, অধ্যাপক মো. তফজ্জল হোসেন প্রমুখ। স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসনিক সূত্র জানায়, ২০০৬ সালে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার কথা ঘোষণা করা হয় এবং ২৯ মে দোতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ইউনিট (সিএমএমইউ)। নির্মাণকাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্ক্যান অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড। ২০০৭ সালের ২৮ নভেম্বরের মধ্যে ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু মেয়াদ শেষের সাড়ে তিন বছর অতিক্রান্ত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি বুঝিয়ে দিতে না পারায় স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করেন। তিনি চলতি বছরের এপ্রিলে ভবন পরিদর্শনে এসে জুন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করে ভবনটি বুঝিয়ে দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। অবশেষে ৬ জুন ভবনটি সিএমএমইউকে বুঝিয়ে দেওয়া হয়। তবে ভবনের বাইরের আস্তরণসহ প্রায় ১০ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে বলে সূত্র জানায়।