৫০ শয্যার নির্মাণকাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজে ঠিকাদারের দায়িত্বহীনতার কারণে কাজ শুরুর সাড়ে তিন বছরেও শেষ হয়নি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রকে (কমপ্লেক্স) ৫০ শয্যায় উন্নীত করার কাজ। এ ব্যাপারে ঠিকাদার সন্তোষজনক জবাব দিতে না পারায় সম্প্রতি কার্যাদেশ বাতিল করা হয়েছে। শিগগির দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে বলে স্বাস্থ্য প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, সরকার চন্দনাইশের ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ২০০৬ সালে পাঁচ কোটি ৬৩ লাখ ৯০০ টাকা বরাদ্দ দেয়। কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি ২০০৬ সালের ১২ মে নির্মাণকাজ শুরু করে। কাজ বুঝিয়ে দেওয়ার কথা ২০০৭ সালের ২২ নভেম্বর। কিন্তু ২০১০ সালে এসেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।স্বাস্থ্য কর্মকর্তা সৌমিত্র দাশগুপ্ত জানান, কার্যাদেশ অনুযায়ী হাসপাতাল ভবন ছাড়াও দুটি নতুন আবাসিক ভবন নির্মাণ এবং পুরোনো আবাসিক ভবন সংস্কার করার কথা। কিন্তু হাসপাতাল ভবনের কাঠামো নির্মাণ করা হলেও পলেস্তারা, বিদ্যুৎ ও পানির লাইন এবং দরজা-জানালার কাজ করা হয়নি।আবাসিক ভবন নির্মাণকাজও অসম্পূর্ণ রয়ে গেছে। হয়নি পুরোনা ভবন মেরামতের কাজও।হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন সময় স্বাস্থ্য অধিদপ্তরে ঠিকাদারের কাজে দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগের পর গত ২২ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ কেন বাতিল করা হবে না কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু ঠিকাদার গত ৩১ ডিসেম্বর ৮০ শতাংশ কাজ হয়েছে দাবি করে একটি জবাব দিলেও তা গ্রহণযোগ্য হয়নি। ফলে কর্তৃপক্ষ কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়।স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের (এইচইডি) বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে ঠিকাদারের কাজে অবহেলার কথা স্বীকার করে বলেন, ‘প্রতিষ্ঠানটির দরপত্র বাতিল করা হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।’ স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা সৌমিত্র দাশগুপ্ত বলেন, ‘আমাদের ভাগ্য খারাপ। অন্য উপজেলায় প্রায় তিন বছর আগে ৫০ শয্যার হাসপাতাল চালু হলেও চন্দনাইশের হাসপাতালটি হলো না। এতে এখানকার রোগীরা উপযুক্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোকজন এলাকায় না থাকায় বক্তব্য নেওয়া যায়নি।