৫০ শয্যার মধ্যে ৩০ শয্যাই ভাঙা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তর বিভাগে ৫০ শয্যার মধ্যে ৩০ শয্যাই ভাঙা। কাঠের ওপর তোশক বিছিয়ে রোগী শোয়ানো হয় এসব শয্যায়। এসব শয্যায় শুয়ে চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় রোগীরা নিচে পড়ে গিয়ে আহত হন। চার বছর ধরে চলছে এ অবস্থা। রোগীরা জানায়, শয্যার খুঁটি ও পুরো অবকাঠামো (ফ্রেম) শক্ত লোহার হলেও শোয়ার জায়গায় শুকনো কাঠ বিছিয়ে তার ওপর দেওয়া হয়েছে তোশক। কাঠ সরে গিয়ে তোশকসহ নিচে পড়ে যান রোগীরা। ১২ জুলাই বৃহস্পতিবার দুপুরে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন সোলায়মান নামে এক রোগী শয্যা থেকে নিচে পড়ে গিয়ে আহত হন। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, ২০০৭ সালে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতাল ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ সময় ১৯ কোটি টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট একটি ভবন নির্মিত হয়। ভবন নির্মাণে ঠিকাদার নানা অনিয়ম করেন। সেই সঙ্গে ২০টি শয্যা ক্রয়েও কারচুপিও হয়। শুরু থেকেই শয্যাগুলোর অবস্থা এ রকমই ছিল। এ ছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালের শিশু ও মহিলা ওয়ার্ডের ১০টি শয্যায়ও মরিচা ধরে তলার স্প্রিং ছিঁড়ে নষ্ট হয়ে যায়। যেগুলোতে শুয়ে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা প্রায় সময় নিচে পড়ে গিয়ে হাত, পা ও কোমরে ব্যথা পান। সেবিকারা জানান, অভ্যন্তর বিভাগে প্রায় সময় শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকে। তাই অনেক রোগীকে মেঝেতেই থাকতে হয়। তবে যাঁরা শয্যায় থাকার সুযোগ পান তাঁরা অনেকেই শুতে গিয়ে তোশকসহ নিচে পড়ে যান। এ নিয়ে অনেকে হাসাহাসি করেন। এ সময় রোগীরা চরমভাবে অপমান বোধ করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, হাসপাতালের কিছু কিছু উপকরণ সব সময় ক্রয় করা যায় না। রক্ষণাবেক্ষণের জন্যও বরাদ্দ মেলে না। শয্যাও এ রকম একটি উপকরণ। এটি ভবন নির্মাণ বা সংস্কারকাজের সঙ্গে সম্পৃক্ত। ৫০ শয্যায় উন্নীত করার সময় ক্রয় করা শয্যাগুলো যাচাই-বাছাই করে নেওয়া উচিত ছিল। তবে ভাঙা শয্যাগুলোর বিষয়ে জেলা সিভিল সার্জনের বরাবরে আগেই প্রতিবেদন পাঠানো হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে আটটি শয্যা দেওয়া হয়েছে। বাকি শয্যাগুলোও ক্রমান্বয়ে পরিবর্তন করা হবে বলে জানান তিনি। রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, হাসপাতালে শয্যাগুলো যে ভাঙা তা কেউ কখনো আমাকে বলেনি। খোঁজ নিয়ে বিষয়টি সুরাহার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।