৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক পাঁচজন!
কক্সবাজারের মহেশখালী উপজেলার ৫০ শয্যার হাসপাতালে লোকবল-সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালে ২৮ চিকিৎসকের মধ্যে পাঁচজন এবং ১৪ জন সেবিকার মধ্যে কর্মরত আছেন তিনজন। লোকবল-সংকটের কারণে ৫০ শয্যার এ হাসপাতাল গত তিন বছর ধরে চালু করা যাচ্ছে না। এ ছাড়া হাসপাতালে প্রসূতিসেবা, অস্ত্রোপচারসহ নানা ধরনের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। চার বছর আগে এক্স-রে যন্ত্র বসানো হলেও ব্যবহূত হচ্ছে না। ফলে এ এলাকার চার লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৩১ শয্যার এ স্বাস্থ্যকেন্দ্রটি ২০০৬ সালের ১ জুন ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। তবে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করলেও সে অনুপাতে চিকিৎসক, সেবিকাসহ কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে ৫০ শয্যার হাসপাতালটি তিন বছর ধরে চালু করতে পারেনি কর্তৃপক্ষ।হাসপাতাল প্রতিষ্ঠার ২৯ বছর পর ২০১০ সালের ডিসেম্বরে একজন প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও দুমাস পর তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান। এ কারণে হাসপাতালে প্রসূতিসেবা বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার হাসপাতালে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। একটি টিকিট পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন রোগীরা। ইনডোরে ভর্তি হওয়া রোগীরা শয্যা না পেয়ে মেঝেতে বসে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি রোগী মনির হোসেন, ফাতেমা বেগমসহ অনেকেই চিকিৎসাসেবা নিয়ে তাঁদের অসন্তোষের কথা জানান। মাঝেমধ্যে চিকিৎসকের দেখা পেলেও পর্যাপ্ত সেবিকা না থাকায় চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে তাঁদের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তি হওয়া অপর এক রোগী বলেন, হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করেন আয়া ও ওয়ার্ড-বয়। জানা গেছে, ২০১০ সালের জুলাইতে রেখা সিকদার নামের একজন সেবিকা যোগদান করেন। ছুটি না নিয়ে সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে অনুপস্থিত আছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা জামিয়ারছড়ি এলাকার বাসিন্দা আব্দুর রহিম, ওসমান গণি ও কামাল হোসেন বলেন, হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য এক্স-রে যন্ত্র বসানো হলেও তা রোগীদের কাজে আসছে না। এ কারণে রোগীদের এক্স-রে করতে কক্সবাজার সদরে যেতে হচ্ছে। কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনার বাসিন্দা মরিয়ম বেগম জানান, হাসপাতালে প্রসূতিসেবা নেই। হাসপাতালে প্রসূতি রোগীরা সেবা নিতে এলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।হাসপাতাল সূত্র জানায়, উপজেলায় ১৭০টি কর্মকর্তা-কর্মচারী পদের মধ্যে আছেন মাত্র ১০২ জন। বাকি ৬৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সংশ্লিষ্ট লোকজন জানান, এক্স-রে টেকনিশিয়ান কাগজ-কলমে থাকলেও তিনি বর্তমানে লিয়েনে কর্মরত আছেন। এ কারণে এক্স-রে যন্ত্রটি রোগীদের কাজে ব্যবহূত না হয়ে পড়ে আছে।হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক বলেন, সেবিকা-সংকটের কারণে ৫০ শয্যার হাসপাতাল চালু করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিন বছর আগে ৩১ শয্যার হাসপাতাল থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত হলেও তা রোগীদের সেবার কাজে আসছে না। তিনি বলেন, হাসপাতালে সেবিকা-সংকট রয়েছে। স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসক না থাকায় এ ধরনের রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মাবুদ জানান, চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য শূন্যপদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়ার জন্য অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।