৫০ হাজার মানুষ দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের বিভিন্ন এলাকায় পানীয়জলের সংকট দেখা দিয়েছে। নলকূপগুলো অকেজো হয়ে পড়ায় উপজেলায় ৫০ হাজারের বেশি মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপকূলীয় এলাকার সাধারণ মানুষ পুকুর ও খালের পানি পান করে নানারকম অসুখে ভুগছেন। দিন দিন সমস্যা প্রকট হলেও এর সমাধানে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এক হাজার ৭২১টি নলকূপ রয়েছে। এর মধ্যে চালু রয়েছে এক হাজার ১০৮টি, অকেজো ৬১৩টি। ১৯৮টি গভীর নলকূপের মধ্যে চালু রয়েছে ১০৬টি, অকেজো ৯২টি। এক হাজার ৪১২টি অগভীর নলকূপের মধ্যে চালু রয়েছে এক হাজার ১৩৯টি, অকেজো ২৭৩টি। তারা ডিপ সেট ২৭টির মধ্যে চালু রয়েছে ১৫টি, অকেজো ১২টি। ৮৪টি পাতকুয়ার মধ্যে চালু রয়েছে ৫২টি, অকেজো ৩২টি।সরেজমিন এলাকাঘুরে দেখা গেছে, পৌরসভার পুরান পল্লানপাড়া, ইসলামাবাদ, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, উত্তর জালিয়াপাড়া, কুলালপাড়া, উপরের বাজার, কায়ুকখালীয়াপাড়া, অলিয়াবাদ, উপজেলা পরিষদ এলাকা, নাইট্যংপাড়া, টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া, ডেইলপাড়া, সাবরাং ইউনিয়নের আলী আকবর ডেইল, দক্ষিণ খুরমোরমুখ, পেন্ডালপাড়া, মুন্ডার ডেইল, আছারবনিয়া, মগপাড়া, নয়াপাড়া, উত্তর নয়াপাড়া, হারিয়াখালীসহ গ্রামগুলোতে প্রায় নলকূপ অকেজো হয়ে আছে গত কয়েক বছর ধরে। এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে দুই-তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা পরিষদ, নাইট্যংপাড়ার পাহাড়ি ঝরনা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েকটি এলাকার নলকূপ থেকে পানীয়জল সংগ্রহ করতে হচ্ছে। অপরদিকে সিডর ও আইলার আঘাতে নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ার-ভাটার পানি ঢুকছে এলাকায়। এতে ওই সব এলাকার নলকূপ ও পাতকুয়াগুলোর পানি নোনা হয়ে পড়ছে। নতুন করে নলকূপ বসিয়েও মিঠাপানি পাওয়া যাচ্ছে না ওইসব এলাকায়। অন্যদিকে, টেকনাফের অধিকাংশ হোটেল-রেস্তোরাঁসহ খাবার দোকানে বিভিন্ন ধরনের খনিজ পানির নামে পাহাড়ি ঝরনার পানি বোতলে ঢুকিয়ে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হোটেলমালিক বলেন, টেকনাফে দীর্ঘ এক যুগ ধরে কোনো স্বাস্থ্য পরিদর্শক নেই। একজন ভারপ্রাপ্ত পরিদর্শক রামু থেকে আসেন। টেকনাফের হোটেল প্লাজার ইন এর ব্যবস্থাপক মো. ইসমাঈল বলেন, এলাকায় বিশুদ্ধ পানি না পাওয়ায় বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্টে পানি সংগ্রহ করে গ্রাহকদের দেওয়া হচ্ছে। টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৪), কুলালপাড়ার গৃহিণী হালিমা খাতুন (৫০), পুরান পল্লানপাড়ার আলী আহমদ (৩৫) বলেন, ফাল্গুনের শুরুতে গরম পড়ার সঙ্গে সঙ্গে পানীয়জলের সংকট দেখা দিয়েছে। টেকনাফ সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ দলিলুর রহমান বলেন, ব্যাংক এলাকায় পানীয়জলের সংকট দেখা দেওয়ায় প্রতিদিন বাড়তি ১০০-১৫০ টাকা পানির পেছনে খরচ হচ্ছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ বলেন, ‘পৌর কর্তৃপক্ষ ওয়াটার প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ পানীয়জলের সরবরাহ নিশ্চিত করার জন্য একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে।’টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফফর আহমদ জানান, উপকূলীয় এলাকার সাধারণ মানুষ পুকুর ও খালের পানি পান করে নানা ধরনের পেটের পীড়ায় ভুগছেন। অনেকে পানিবাহিত ডায়রিয়া, আমাশয়, ম্যালেরিয়া, জন্ডিসসহ নানান পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। টেকনাফ বড় বাজার, বাস স্টেশন, সাবরাং বাজার, নিলা বাজার, হোয়াইক্যং বাজার ও উপজেলা পরিষদসংলগ্ন হোটেল-রেস্তোরাঁ, কুলিংকর্নার-বেকারিগুলোতে পুকুরের পানিতে ফিটকিরি মিশিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে গ্রাহকদের।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় ১৪টি গভীর নলকূপ ও ৩৭টি অগভীর নলকূপ বরাদ্দ পাওয়া গেছে। এগুলো কোথায় বসবে সে স্থান নির্ধারণ করা হয়নি এখনো।’ এ ছাড়া এলাকায় পানীয়জলের সমস্যা নিরসন করতে গেলে উপজেলায় আরও পাঁচ শতাধিক নলকূপ বসানো প্রয়োজন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, পানীয়জলের সংকট নিরসনের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পৌরসভার অধিকাংশ এলাকায় প্রতিবছর পানীয়জলের সংকট দেখা দেয়। চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠে কিছু গ্রামে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর নলকূপ বসানোর মাধ্যমে সংকটের সমাধান করা সম্ভব বলে তিনি জানান।