৫০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে শঙ্খ নদের দুই কূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে চন্দনাইশ-সাতকানিয়ার ৫০ হাজার মানুষ। সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। জানা গেছে, অতিবৃষ্টি ও স্রোতের তাণ্ডবে শঙ্খ নদের তীরবর্তী উভয় উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক কাঁচা ঘর ধসে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও তিন শতাধিক। ভেসে গেছে প্রায় সাড়ে ৩০০ মৎস্য প্রকল্প। ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা। সূত্র জানায়, গত মঙ্গলবার হাশিমপুর কসাইপাড়া এলাকার আরাকান সড়ক এবং সাতকানিয়া-বাজালিয়া, সাতকানিয়া এওচিয়া ও গাছবাড়িয়া-দোহাজারী অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে যায়।আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির আহমদ ওসমানী এবং দোহাজারী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঙ্গে আলাপ করে জানা গেছে চন্দনাইশ উপজেলার চাগাচর, দক্ষিণ চাগাচর, বরমা যতেরমুখ, চরবরমা, বৈলতলী এবং সাতকানিয়ার কালিয়াইশ, ধর্মপুর, নলুয়া, আমিলাইশ ও চরতী ইউনিয়নের দুই শতাধিক কাঁচা বসতঘর ধসে পড়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমিসহ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, কালভার্ট ও রাস্তাঘাট কোমরপানির নিচে তলিয়ে গেছে। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণতৎপরতা শুরু করার আহ্বান জানান।চাগাচর এলাকায় গিয়ে দেখা যায়, শঙ্খ নদের স্রোতের টানে এলাকার বেশ কটি দোকান ও বসতঘর নদীগর্ভে চলে গেছে। চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাগাচর কমিউনিটি ক্লিনিক ভাঙন থেকে মাত্র ৪০-৪৫ মিটার দূরে রয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত বাচা মিয়া জানান, তিনি পাঁচবার নদীভাঙনের শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। সর্বশেষ তৈরি বসতভিটাও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। একই রকম ঝুঁকিতে রয়েছে এলাকার আবদুল আউয়াল, মোহাম্মদ ইদ্রিচ, আবদুল মান্নান, মোহাম্মদ ছৈয়দ, ইব্রাহিম, আবুল বশর, খুলু মিয়া, আহমদ মিয়া, মোহাম্মদ নাসিম, আন্নর আলীসহ শতাধিক ব্যক্তির বসতভিটা। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালিদ মেহেদী হাসান মঙ্গলবার বিকেলে জানান, তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। প্রশাসন মঙ্গলবার জরুরি ভিত্তিতে দুই মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। গতকাল পর্যন্ত এসব চাল ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণের কাজ চলছিল। এ ছাড়া চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিবরণ সংগ্রহ করে জেলা প্রশাসনে পাঠানো হচ্ছে।