কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উপকূলীয় গ্রাম মহেশখালীয়াপাড়া। এই গ্রামের কৃষক আবদুল মজিদের দুই ছেলে মনির আলম ও সাইফুল ইসলাম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র। ১৬ অক্টোবর দুপুরে দুই ভাইকে দেখা গেল পাশের সমুদ্রে মশারি জাল ঠেলে চিংড়ি পোনা ধরতে। এর কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম (১৪) জানায়, ‘ঘরে বাবা অসুস্থ, আয় রোজগার না থাকায় সংসার চলছে না। মাঝেমধ্যে না খেয়ে থাকতে হয়। তাই লেখাপড়া বাদ দিয়ে দুই ভাই চিংড়ি পোনা ধরছি।’ এই দুই ভাইয়ের মতো উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, বাহারছড়া, নিলা, হোয়াইক্যংসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার বিদ্যালয়পড়ুয়া শিশু-কিশোর লেখাপড়া বাদ দিয়ে ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়ছে।টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, এ উপজেলার ৩৪টি সরকারি ও ২২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ২৩ হাজার। এর মধ্যে অন্তত ১২ হাজার শিক্ষার্থী সমুদ্রে পোনা আহরণ, উপকূলে আহরিত মাছ কাঁধে বহন করে হাটবাজারে পৌঁছে দেওয়া, বনাঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহসহ নানা ঝুঁকিপূর্ণ শ্রম-পেশায় জড়িয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রমতে, জেলার আটটি উপজেলার (টেকনাফ, উখিয়া, সদর, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী) ৫৯৪টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে তিন লাখ ১৬ হাজার ১৮০ জন। সরকারি হিসাবে জেলায় প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থীর হার ১৫ দশমিক ৩৯ শতাংশ। এ হিসাবে চলতি সালে ঝরে পড়ে প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী। এতে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সফল বাস্তবায়ন হচ্ছে না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, অসচেতনার কারণে বহু অভিভাবক ছেলেমেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠিয়ে পরিবারের সহায়ক কাজে (কাজ-কর্মে) ব্যবহার করছেন। দেখা গেছে, কক্সবাজার শহরের নুনিয়াছটা, ফদনারডেইল, ঝাউতলা, গাড়িরমাঠ, টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, জালিয়াপাড়া, মহেশখালীর সোনাদিয়া, গোরকঘাটা, ধলঘাটা, মাতারবাড়ি, খুরুশকুল, চৌফলদণ্ডি, কুতুবদিয়ার লেমশিখালী, আলী আকবর ডেইলসহ বিভিন্ন উপকূলে হাজার হাজার শিশু শুঁটকি উৎপাদন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকের কাজ করছে। এদের দৈনিক মজুরি ৬০ থেকে ৯০ টাকা। সোনাদিয়া, নাজিরারটেক, ফদনারডেইল, ফিশারিঘাটে দেখা গেছে, কাঁচা মাছ রোদে শুকিয়ে শুঁটকি করার কাজে নিয়োজিত অসংখ্য শিশু নানা রোগে আক্রান্ত। ফদনার ডেইলের শিশু রহিম (১৩), কালাম (১২) ও মুন্নী (১২) জানায়, বছর-দেড় বছর আগেও তারা বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করেছে। এখন অভাবের কারণে পড়ালেখা বন্ধ করতে হয়েছে। উখিয়ার মনখালী গ্রামের দিনমজুর মমতাজ আহমদ তিন ছেলে নিয়ে প্রতিদিন সাগরে নেমে চিংড়ি পোনা ধরেন। এতে উপার্জন হয় দৈনিক ৫০০ থেকে এক হাজার টাকা। তারপরও ছেলেদের বিদ্যালয়ে না পাঠানোর কারণ জানতে চাইলে মমতাজ আহমদ বলেন, ‘লেখাপড়া শিখিয়ে ছেলেদের মানুষ করার ইচ্ছা আমাদের আছে। কিন্তু বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কাহিল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। তাই ছেলেদের লেখাপড়া বাদ দিয়ে আয়-রোজগারে নামানো হয়েছে। এই পথ থেকে ছেলেরা কখন ফিরে আসতে পারবে, তার নিশ্চয়তাও নাই।’