কক্সবাজারের চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা-সোসাইটি এলাকার ফুটপাত থেকে অন্তত ৫০টি দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এলাকার কয়েকটি রেস্তোরাঁ, মরিচের কারখানা, ফল ও সবজির দোকান এবং বালু তোলার অভিযোগে দুটি পরিবহনকে জরিমানা করা হয়। ২৫ আগস্ট দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চিরিঙ্গায় অবস্থিত রাজভবন রেস্তোরাঁকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভেজাল মসলা তৈরির অভিযোগে স্থানীয় একটি মরিচের কারখানাকে ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাবার ও সড়ক দখলে রাখার দায়ে একটি দোকানকে ২০ হাজার টাকা, দুটি ফলের দোকানকে ফুটপাত দখল করে মালামাল বিক্রি করার অপরাধে ১৮ হাজার ১০০ টাকা, নিষিদ্ধ পলিথিন বিক্রি করার দায়ে তিনজনকে ছয় শ টাকা ও অবৈধ পার্কিংয়ের দায়ে দুটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হারবাং ইউনিয়নের বন বিভাগের কার্যালয় থেকে অবৈধভাবে বালু তুলে করে পাচারের সময় দুটি পিকআপের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।