৫০টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ৫০টি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্যোগের সময় এই আশ্রয়কেন্দ্রগুলো উপকূলীয় অঞ্চলের মানুষের কাজে আসবে না বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে এলাকার লক্ষাধিক মানুষের দুর্যোগকালীন ঝুঁকি বেড়েছে।আশ্রয়কেন্দ্র না থাকায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে মহেশখালীতে প্রায় ১০ হাজার মানুষ মারা যায়। এরপর বিভিন্ন দেশি-বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে ইউনিয়নে ৯৬টি আশ্রয়কেন্দ্র গড়ে ওঠে। নির্মাণের পর থেকে রক্ষণাবেক্ষণ এবং সংস্কার না হওয়ায় বর্তমানে ৫০টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এ বছরের জানুয়ারিতে দুর্যোগ মন্ত্রণালয়ে ৫০টি আশ্রয়কেন্দ্র সংস্কারের আবেদন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে সংস্কার না হওয়ায় ৫০টি আশ্রয়কেন্দ্র জীর্ণদশায় পৌঁছেছে।’জনসংখ্যার অনুপাতে উপজেলায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ডিসেম্বরে উপজেলায় ৬৯টি আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য দুর্যোগ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন তৎকালীন ইউএনও রাশেদুল আমীন। বর্তমানে ২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার।সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ির হংশ মিয়াজিরপাড়ার আশ্রয়কেন্দ্রটির দরজা ও জানালা ভাঙা, দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরছে। ধলঘাটা ইউনিয়নের ১৪টি আশ্রয়কেন্দ্রেও এমন চিত্র দেখা গেছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা কম। পাশাপাশি যেসব আশ্রয়কেন্দ্র এলাকায় স্থাপন করা হয়েছে তা দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই কথা বললেন মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোহাম্মদ মামুনার রশিদ প্রথম আলোকে বলেন, এ উপজেলায় আরও ১০০টি আশ্রয়কেন্দ্র স্থাপন খুবই জরুরি। মহেশখালী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ জানান, ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রের মধ্যে চারটি আশ্রয়কেন্দ্র দুই বছর আগে সংস্কার করা হয়েছে। বাকি আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।