৫২ বছর পূর্তির আনন্দে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ৫২ বছর পূর্তি অনুষ্ঠানে দর্শক মাতান সংগীত শিল্পী তাহসান  l ছবি: সংগৃহীত
কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ৫২ বছর পূর্তি অনুষ্ঠানে দর্শক মাতান সংগীত শিল্পী তাহসান l ছবি: সংগৃহীত

কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ সেজেছে রঙিন সাজে। বেলুন-ফেস্টুনে একাকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রং ছড়িয়ে পড়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে সেকি উচ্ছ্বাস তাঁদের। আড্ডায় ক্যাম্পাসের দিনগুলোতে ফিরে যাওয়া। এমন উপলক্ষ এনে দেয় বিদ্যালয়ের ৫২ বছর পূর্তি উৎসব। ৬ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে ছিল দিনব্যাপী আনন্দ আয়োজন।
অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল আটটায় বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে। ঢাকঢোল বাজিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশ নেন। বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার। এরপর শুরু হয় কথামালা। প্রথমেই সম্মাননা জানানো হয় প্রবীণ শিক্ষকদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথের সভাপতিত্বে এ পর্বে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রাক্তন শিক্ষার্থী মরজিনা আক্তারের সঞ্চালনায় এ পর্বে মৃত্যুবরণ করা শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে শোকপ্রস্তাব পাঠ করেন আরেক প্রাক্তন শিক্ষার্থী অদিতি বিশ্বাস।

‘ধনধান্য পুষ্পভরা’ সমবেত সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা আড়াইটায়। এরপর মঞ্চে একে একে নাচ ও গান পরিবেশন করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ‘ধিম তা না’, ‘আজি ধানের খেতে রৌদ্রছায়ায়’, ‘ফাগুনেরও মোহনায়’সহ বেশ কিছু জনপ্রিয় গানের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য জমিয়ে তোলে অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে মঞ্চে উঠে ব্যান্ড দল তীরন্দাজ। তাদের গাওয়া ‘যখন নিঝুম রাতে’, ‘তোমার জন্য ইচ্ছে তারা’ ও ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ গানগুলোতে বেশ মজা করেন দর্শকেরা। আটটি গান করে বিদায় নেন তাঁরা। এরপর আসে ব্যান্ড দল শিরোনামহীন। তারা শোনায় ‘ক্যাফেটেরিয়া’, ‘একা পাখি’, ‘ইচ্ছে ঘুড়ি’সহ বেশ কিছু জনপ্রিয় গান।

এদিকে ঘুরছে ঘড়ির কাঁটা। রাত আটটায় সবার অপেক্ষার প্রহর শেষ হয়। মঞ্চে আসেন সংগীতশিল্পী তাহসান। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে অনুষ্ঠান প্রাঙ্গণ। একে একে গেয়ে শোনান ‘আমি সেই সুতো হবো’, ‘প্রেমাতাল’, ‘বড় অবেলায় পেলাম তোমায়’, ‘তুমি ছুঁয়ে দিলে মন’ ও ‘কে তুমি’। শিল্পীর সঙ্গে গলা মেলান দর্শকেরাও। তাহসানের গানের মাধ্যমে শেষ হয় বর্ণিল এই আয়োজন।