চন্দনাইশ উপজেলার নয় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুন। নয়টি ইউনিয়নের ৮৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫২টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করলেও প্রশাসন গোলযোগের আশঙ্কা করছে না। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোটের দিন তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের ১৪টি ভ্রাম্যমাণ দল এবং ১৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রচারণা। অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এদিকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার চৌধুরী অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল তাঁকে হুমকি দিচ্ছে। তবে কারও নাম উল্লেখ করেননি তিনি।সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আহমদুর রহমান তাঁর প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। তিনি বলেন, নাছির উদ্দীন বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন। নাছির উদ্দীন এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে হুমকিধমকি ও আচরণবিধি লঙ্ঘনের অধিকাংশেরই ভিত্তি নেই বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তিনি বলেন, ‘তদন্ত করে বেশির ভাগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে ভোটের দিন কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। ভোট চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ‘পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’ উপজেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জন, সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার আছেন এক লাখ সাত হাজার ৪৭১ জন। ৮৪টি ভোটকেন্দ্রের জন্য ৮৪ জন প্রিসাইডিং কর্মকর্তা এবং ৩০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।