কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ৫৪টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ওই সব গ্রামের বিপুলসংখ্যক শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না। অনেকে তিন-চার কিলোমিটার দূরের অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করলেও দুর্ভোগের কারণে তাদের বড় একটি অংশ মাঝপথে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ফলে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারছে না অনেক শিশু। এদের অনেকে জড়িয়ে পড়ছে মাছ শুকানোসহ নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে।খোঁজ নিয়ে জানা যায়, চকরিয়া উপজেলার ৩০টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রামগুলো হচ্ছে দক্ষিণ কোনাখালী, বমুবিলছড়ি বড়ুয়াপাড়া, ইলিশিয়াটেক মিয়াপাড়া, ওমরখালী উত্তরপাড়া, সেরিন্যাকাটা, আবদুল জব্বার সিকদারপাড়া, মানিকপাড়া, মোজাহেরপাড়া, কোরবানিয়াঘোনা, সাধের ঘোনা, মছন সিকদারপাড়া, দক্ষিণ পহরচাঁদা, ধরপাড়া, কুমিরখালী, আলমনগর, কসাইপাড়া, মাতব্বরঘোনা, কাসেম আলী সিকদারপাড়া, বমু নন্দীর বিলপাড়া, নোয়াপাড়া, ভিলেজারপাড়া, বিবিরখিল উত্তরপাড়া, নোনাছড়ি, পুকপুকুরিয়া, পূর্ণগ্রাম, বমু ফাদুখোলা, বমু পানিস্যাবিল, কুলালপাড়া, হেতালিয়াপাড়া ও পালাকাটা দক্ষিণ কোনাখালী। দক্ষিণ কোনাখালী গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও রহমত আলী জানান, তাঁদের গ্রামে প্রায় তিন হাজার লোকের বাস। কিন্তু এলাকায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় বিপুল জনগোষ্ঠী অশিক্ষিত থেকে যাচ্ছে। মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকা হওয়ায় শিশুরা মাছ শুকোনোর কাজসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এখানকার শিশুশ্রম রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে শিশুরা পড়ালেখা করে সুনাগরিক হওয়ার সুযোগ পাবে।এদিকে পেকুয়া উপজেলায় ২৪টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। গ্রামগুলো হচ্ছে কাছারীমোড়া, সাপের ঘোনা, মাঝের ঘোনা, নতুনঘোনা, লালজানপাড়া, পূর্ব সোনাইছড়ি, বনকানন, জুমপাড়া, পশ্চিম টৈটং, কোদাইল্যাদিয়া, পশ্চিমকূল, ভারুয়াখালী, নোয়াখালীপাড়া, পাহাড়িয়াখালী, পূর্ব জালিয়াকাটা, জালিয়াখালী, ছিরাদিয়া, হরিনাফাঁড়ি, ঘোষালপাড়া, পেকুয়ারচর নতুনঘোনা, মইয়াদিয়া, সবুজপাড়া, হাজিরঘোনা ও শরতঘোনা। উপজেলার শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন জানান, তাঁর ইউনিয়নের কাছারীমোড়া, মাঝের ঘোনা ও সাপের ঘারা গ্রামে তিন-চার হাজার লোকের বাস। এসব গ্রামের দু-তিন কিলোমিটারের মধ্যেও কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় এলাকার বেশির ভাগ শিশু পড়ালেখা করতে পারছে না। ফলে অভিভাবকেরা এসব শিশুকে নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে লাগাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ২০১০ সালে ‘এক হাজার ৫০০ বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে চকরিয়া ও পেকুয়া উপজেলার পাঁচটি করে গ্রামে মোট ১০টি প্রাথমিক বিদ্যালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর মধ্যে ছয়টি বিদ্যালয়ের নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী জুনের মধ্যে এগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার কথা।চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপজেলায় বিদ্যালয়সংকটের কথা স্বীকার করেন। তািন জানান, এক হাজার ৫০০ বিদ্যালয়বিহীন এলাকায় বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার বিদ্যালয়বিহীন জনগুরুত্বপূর্ণ ১২টি এলাকা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এর মধ্যে বমু ফাদুখোলা, বমু পানিস্যাবিল, কুলালপাড়া, হেতালিয়াপাড়া ও পালাকাটা এলাকায় পাঁচটি বিদ্যালয় স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন করেছে। এর মধ্যে শেষের তিনটি বিদ্যালয়ের নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী জুনে তা শেষ হওয়ার কথা রয়েছে। পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী বলেন, এ উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে ১৪টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচটি এলাকায় নতুন বিদ্যালয় নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে লালজানপাড়া, সবুজপাড়া, শরতঘোনা এলাকায় তিনটি বিদ্যালয়ের নির্মাণকাজ জুনের মধ্যে শেষ হবে।