৫৪ টাকার পেঁয়াজ খুচরায় ৮০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫৪ টাকায়। কিন্তু কক্সবাজারের খুচরা বাজারে ওই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ফলে খুচরায় বাড়তি দাম গুণছেন ক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ সরাসরি চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে তাঁরা কিনে এনে বিক্রি করছেন। ফলে দাম বাড়তি।

দেশে পেঁয়াজের সংকট নিরসনে সরকার মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। পেঁয়াজ আমদানিতে সরকারি রাজস্বও মওকুফ করা হয়।

গত মঙ্গলবার সকালে টেকনাফ স্থলবন্দর গিয়ে দেখা গেছে, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ নিয়ে ঘাটে ভিড়েছে দুটি বড় নৌকা। শ্রমিকেরা ওই পেঁয়াজ খালাস করে বন্দরের গুদামে ভর্তি করছেন।

পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ী আবুল হাশেম, সৈয়দ করিম ও মো. ফারুক জানান, ২৯ অক্টোবর দুটি ট্রলারে ১৬০ মেট্রিকটন পেঁয়াজ বন্দরে খালাস করা হয়। আগের দিন খালাস করা হয়েছে তিনটি ট্রলারের প্রায় ২০০ মেট্রিকটন পেঁয়াজ। আগামী কয়েক দিনে ৭০০ মেট্রিকটন পেঁয়াজ নিয়ে আরও কয়েকটি ট্রলার এই বন্দরে পৌঁছবে। মিয়ানমারের আকিয়াব থেকে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার হুমায়ুন কবির বলেন, ‘দেশের সংকট নিরসন এবং উচ্চমূল্য নিয়ন্ত্রণের জন্য মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি। গত ২২ আগস্ট থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে সাত হাজার ৬০৬ মেট্রিক টন।’

টেকনাফ স্থলবন্দরে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ আমদানি করে মেসার্স চৌধুরী ট্রের্ডাস, সোনার্িল এন্টারপ্রাইজ, ইমতিয়াজ ট্রেডার্স, ট্রেড লিংক ও জেবি এন্টারপ্রাইজ। মের্সাস চৌধুরী ট্রেডার্সের মালিক মো. শওকত আলী চৌধুরী বলেন, ‘মিয়ানমারের আকিয়াব থেকে পেঁয়াজ কিনে ট্রলারে বোঝাই করে (সমুদ্র পাড়ি দিয়ে) টেকনাফ স্থলবন্দরে পৌঁছাতে তিন দিন সময় লাগে। পাশাপাশি লোনা পানিতে ভিজে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়। তার পরও আমরা এই পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি মণপ্রতি দুই হাজার ১৬০ টাকায়। সেই হিসাবে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ৫৪ টাকা। অথচ টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের খুচরা বাজারে এই পেঁয়াজ ৮০ টাকার নিচে বিক্রি হচ্ছে না।’

আমদানিকারক আবুল হাশেম বলেন, টেকনাফ বন্দরে ৫৪ টাকায় পেঁয়াজ কিনে ব্যবসায়ীরা চট্টগ্রামের খাতুনগঞ্জ ও কক্সবাজারে বিক্রি করেন ৫৬ থেকে ৫৮ টাকায়। কিন্তু খুচরা বিক্রেতারা ৮০ টাকার নিচে কেন বিক্রি করছেন না, তা তদারকির কেউ নেই।

২৯ অক্টোবর সকালে কক্সবাজার শহরের বড় বাজার, বাজারঘাটা, বাহারছড়া ও কালামিয়া বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকায়। এর কারণ জানতে চাইলে বড় বাজারের ব্যবসায়ী মমতাজুল ইসলাম (৪৫) বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ৬৩ টাকায় পেঁয়াজ কিনে কক্সবাজার পৌঁছাতে ৭৫ টাকা খরচ হয়। এরপর কয়েক টাকা লাভ করে ওই পেঁয়াজ বিক্রি করা হয়। বাসস্টেশন এলাকার দোকানদার আবতুর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হলেও এসব পেঁয়াজ চট্টগ্রামে সরবরাহ করা হচ্ছে। আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে এনে এখানে বিক্রি করছি।’