
বিমানটি যখন অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিমানবন্দরের রানওয়ে ছুঁল, তখনই তৈরি হলো নতুন এক ইতিহাস। বিমানের ককপিটে বসা লাক্লান স্মার্টই সেই ইতিহাস গড়ার কারিগর। তিনিই এখন সবচেয়ে কম বয়সে একক বৈমানিক হিসেবে বিশ্বভ্রমণ করার রেকর্ডের মালিক। সেই সঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যাট গুথমিলারের গড়া আগের কীর্তি ঢাকা পড়ে গেল। তিনি ২০১৪ সাল থেকে এই কীর্তির মালিক ছিলেন। তখন ম্যাট গুথমিলারের বয়স ছিল ১৯ বছর ৭ মাস। আর লাক্লান স্মার্টের বয়স এখন ১৮ বছর ৭ মাস। পাক্কা এক বছর কম বয়সে লাক্লান এই রেকর্ডের মালিক হলেন। শুধু বয়সের বিচারেই নয়, লাক্লান নিজেকে সেরা প্রমাণ করেছেন আরও বেশি বিষয়ে। যেমন ম্যাট গুথমিলারের চেয়ে কম সময়ে এবং বেশি দেশ ও পথ ভ্রমণ করেছেন লাক্লান স্মার্ট। ব্রিসবেন টাইমসকে উদ্ধৃত করে ডেইলি মেইল জানিয়েছে, গত জুলাইয়ের গোড়ার দিকে সাইরাস এসআর ২২ বিমান নিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন লাক্লান স্মার্ট। যাত্রা শুরু করেছিলেন সেই সানশাইন কোস্ট বিমানবন্দর থেকেই। ৫৪ দিনের দুঃসাহসিক বিমানযাত্রায় লাক্লান যাত্রাপথে থেমেছেন ২৪টি বিমানবন্দরে। অবশেষে গত ২৭ আগস্ট ৪৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লাক্লান স্মার্ট ছুঁলেন স্বপ্নের সেই রেকর্ড। একক বিমানে সবচেয়ে কম বয়সী বিশ্ব পরিভ্রমণকারী এখন তিনিই।
ডেইলি মেইল অবলম্বনে সজীব মিয়া