৫৪ নটআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেলের ম্লান আলো বিদায় নেওয়ার আগেই জ্বলে উঠেছে ঢাকার ধানমন্ডিতে তাঁদের বসার ঘরের বাতিগুলো। সে আলোয় ঘরের দেয়ালগুলোর দিকে চোখ চলে যায়। জয়নুল আবেদিন, কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, রনবী, শাহাবুদ্দীনসহ অনেকেরই চিত্রকর্ম দেখে মনে হয়, চলে এসেছি বুঝি কোনো চিত্র প্রদর্শনীতে। ছবিগুলো দেখতে দেখতেই কুশল বিনিময়।আমাদের সামনে যে দুজন মানুষ বসে আছেন, তাঁদের দেখে তো মনে হচ্ছে, হেসেখেলে পুরো সময়টা পার করে দিচ্ছেন তাঁরা। ১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি জীনা চৌধুরী আর ফারুক চৌধুরী শুরু করেছিলেন একসঙ্গে পথচলা।‘শোনা যায়, বহুদিন বিবাহিত জীবনযাপনের পর স্বামী-স্ত্রীর সম্পর্কটা পানসে হয়ে যায়...আপনাদের বেলায়...’প্রশ্নটা কোন দিকে যাচ্ছে, সেটা বুঝেই জীনা চৌধুরী বললেন, ‘আমার তা মনে হয় না। পানসে নয়, স্বামী-স্ত্রী তখন খুব ভালো বন্ধু হয়ে যায়।’‘ঠিক। জীবনভর একজন অন্যজনকে জানবে, অন্যজনের কাছ থেকে শিখবে, এটাই তো হওয়া উচিত। এই প্রক্রিয়া সারা জীবন ধরেই থাকতে হবে। তবেই না সুখ আসে।’ যোগ করলেন ফারুক চৌধুরী।‘প্রেম আর বিয়ের সময়টাতে তো একজন অন্যজনের ভালো দিকটাই শুধু দেখে। ধীরে ধীরে যখন নেতিবাচক দিকটা উঠে আসে, তখনই তো শুরু হয় সংসারে অশান্তি।’‘এটা একটা কঠিন সমস্যা। স্বামী-স্ত্রী দুজনের মধ্যে সমঝোতা ও বিশ্বাসটা জরুরি। সমস্যা আসার আগেই সতর্ক হতে হবে। এ বড় পিচ্ছিল পথ। যেকোনো সময়ই হড়কে যাওয়ার আশঙ্কা থাকে।’ বললেন ফারুক চৌধুরী।‘ফারুক ভাই কি আপনাকে যথেষ্ট সময় দেন?’হাসলেন জীনা চৌধুরী। ‘১৯ বছর বয়সে আমি অক্সফোর্ডে পড়তাম ফার্স্ট ইয়ারে। তখনই বিয়ে। পড়াশোনা আর হলো না। কূটনীতিকের বউ আমি। আজ এ শহরে, কাল ও শহরে। রোমে থাকতেই দুই সন্তানের জন্ম। পড়াশোনা করার সুযোগই পাওয়া গেল না। কিন্তু ১৯৭১ সালে আমার ননদ বিধবা হলেন। তখনই বুঝলাম, গ্র্যাজুয়েট না হলে হবে না। ও যদি মারা যায়, তাহলে একটা চাকরি তো পেতে হবে। ১৯৭২ সালে ভর্তি হলাম লন্ডন বিশ্ববিদ্যালয়ে। বের হলাম ১৯৭৫ সালে। এরপর এমএ এবং আরও পড়াশোনা...। তত দিনে ছেলেমেয়ে বড় হয়ে গেছে। আমার ছেলেই তো ওই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে গ্র্যাজুয়েশন করল। ৩৩ বছর বয়সে এসে পড়াশোনার ঝক্কি কম নয়।’কথা টেনে নিয়ে ফারুক চৌধুরী বললেন, ‘হ্যাঁ। আমি তখন লন্ডনে ডেপুটি হাইকমিশনার। মার্সিডিজে করে অফিস করি। একদিন দেখলাম, এক ভদ্রমহিলা বইয়ের চাপে ন্যুব্জ হয়ে পথ চলেছেন, বাসে উঠবেন বলে। তিনি আমার স্ত্রী।’‘আপনাদের মধ্যে ঝগড়া হয় না?’‘ছোটখাটো ঝগড়া তো হয়ই। যেমন আমি আমার সন্তানদের পড়াশোনার ব্যাপারে খুব কড়া ছিলাম। ওরা তখন যথেষ্ট বড় হয়ে গেছে। ফারুক বলত, এখনও ওদের শাসন করা কেন?’‘সেই ছেলেমেয়েদের কি এখনো শাসন করেন?’কিডস টিউটোরিয়ালের অধ্যক্ষ জীনা চৌধুরী হেসে বলেন, ‘এখন ওরাই আমাদের শাসন করে। আমাদের পরামর্শ দেয়।’‘আপনাদের সময় আর এখনকার সময়ের পার্থক্য কি আছে?’‘এখন মুক্ত বিশ্ব। আড়াই ঘণ্টায় ব্যাংককে যাওয়া যায়। সাড়ে তিন ঘণ্টায় সিঙ্গাপুর। চোখ খুলে গেছে। আধুনিক হওয়ার প্রতিযোগিতা চলছে যেন! কিন্তু লাগাম নেই আচরণে। পাশ্চাত্যকে অন্ধ অনুকরণ করলে হবে না।’ জীনা চৌধুরীর এই উপলব্ধির সঙ্গে যোগ করলেন ফারুক চৌধুরী, ‘আমরা আসলে একটা অস্থির সময় পার করছি। আমাদের সামাজিক অনভ্যস্ততা, সত্যিকারের শিক্ষার অভাবের কারণে এখনকার তারুণ্যের অনেক আচরণই ম্যাচিওর বলে মনে হয় না। কারণ, কুইক মানি। নব্য ধনী যারা, তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার নেই। ফলে সৃজনশীলতা নয়, টাকা আছে, ইচ্ছামতো খরচ করতে পারছে। এটা ভালো ফল দেয় না।’‘আচ্ছা, ধরুন, জীনা চৌধুরীর জীবনে আবার ফিরে এল ১৯ বছর বয়স। তিনি কি তখন সামনে বসা এই ভদ্রলোককেই বেছে নেবেন, নাকি অন্য কাউকে?’‘আমি ওকেই বেছে নিতাম। তবে তখন ও কূটনীতিক না হয়ে অন্য কাজে থাকলে ভালো হতো। ওর রসবোধ, অন্যকে বোঝার ক্ষমতা অসাধারণ।’‘আর আপনি, ফারুক ভাই?’ফারুক চৌধুরী এবার জীনা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, ‘আমি একবার বিয়ে করলে তোমাকেই বিয়ে করতাম। দ্বিতীয় বার বিয়ে করলে তোমাকেই বিয়ে করতাম। তৃতীয় এবং চতুর্থ বার বিয়ে করলেও তোমাকেই বিয়ে করতাম। তবে পঞ্চমবারের কথা বোলো না। ওটা হারাম।’সমবেত কণ্ঠে হাসি। এই হাসি বুঝিয়ে দিল জীনা-ফারুক দম্পতির ৫৪ বছরের ইনিংসটি প্রতিমুহূর্তেই নতুনত্ব নিয়ে ফিরে ফিরে আসে। এ কারণেই কি তাঁদের দুজনেরই প্রিয় গান, ‘মধুর তোমার শেষ যে না পাই...’?কিছু টিপস স্বামী-স্ত্রীর সম্পর্কে স্বচ্ছতা থাকতেই হবে। বিয়ে মানে জীবনের শুরু এবং তা একটি প্রক্রিয়া। প্রতিদিনই নতুন কিছু খুঁজে নিতে হবে। রূপক অর্থে গাছে যেমন পানি দিয়ে গাছ বাঁচিয়ে রাখতে হয়, ভালোবাসার গোড়ায়ও পানি দিতে হয়। নইলে ভালোবাসা মরে যায়। সবচেয়ে বড় ব্যাপার, পারস্পরিক সমঝোতা ও বিশ্বাস। এটা না থাকলে দাম্পত্যজীবনের কোনো অর্থ হয় না। নিজের দোষ স্বীকার করে নেওয়ার শিক্ষা থাকতে হবে। অন্যের দোষ ক্ষমা করে দেওয়ার উদারতা থাকতে হবে। ‘স্যরি’ বলা শিখতে হবে।যিনি যে কাজ করে আনন্দ পান, তাঁকে সেই কাজ করতে দেওয়া ভালো।