৫৪ বছর হাসপাতালে থাকার পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাসদস্য ছিলেন তিনি। ২১ বছর বয়সে দুর্ঘটনায় নাক আর পা ভেঙে সেই যে হাসপাতালে ভর্তি হলেন, আর ফেরা হলো না বাড়িতে। ৫৪ বছর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত মাসে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। তিনি জেমস মরিস।
চিকিৎসকদের ধারণা, জেমস যুক্তরাজ্যের কোনো হাসপাতালে সবচেয়ে দীর্ঘ মেয়াদে চিকিৎসা নেওয়া রোগী।
৬২ বছর বয়সী কার্ল মরিস বলেন, তাঁর ভাই জেমস স্কটিশ রাইফেল রেজিমেন্টের সদস্য ছিলেন। ১৯৬২ সালে জার্মানির ক্যামেরোনিয়ানসে থাকা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় নাক আর পা ভেঙে যায় তাঁর। হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারের সময়ই তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর তাঁর অবস্থা অপরিবর্তিত থাকায় পরে জেমসকে স্কটল্যান্ডের নর্থ লানার্কশায়ারের এয়ারড্রি এলাকায় অবস্থিত ওয়েস্টার মোফাট হাসপাতালে ভর্তি করা হয়।
কার্ল মরিস আরও বলেন, ‘এত বছর ধরে আমরা শুধু তাঁর (জেমস মরিস) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি মানসিকভাবে আমাদের মধ্যে থাকলেও কথা বলতে পারিনি। তিনি শুধু তিনটা শব্দই বলতে পারতেন, তাঁর তিন ভালোবাসা, “বাড়ি”, “পাব” আর “ঘোড়া”।’
ওয়েস্টার মোফাট হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে কার্ল মরিস আরও বলেন, ওই হাসপাতালে এত দীর্ঘ মেয়াদে চিকিৎসা নেওয়া রোগী আর কেউ ছিলেন না। হাসপাতালটির জ্যেষ্ঠ নার্স হেলেন রায়ান বলেন, সড়ক দুর্ঘটনায় নাক আর ঊরুর হাড় ভেঙে গিয়েছিল জেমসের। ঊরুতে অস্ত্রোপচারের সময় তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ অচল হয়ে পড়ে। তিনি বলেন, দীর্ঘদিন হাসপাতালে থাকায় বহু মানুষের হৃদয়ে জেমসের স্মৃতি গেঁথে গেছে।
ওয়েস্টার মোফাট হাসপাতাল যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) একটি হাসপাতাল। এই বিভাগের এক মুখপাত্র বলেছেন, জেমসের মতো ৫৪ বছর বা তার বেশি সময় তাঁদের কোনো হাসপাতালে আর কোনো রোগী কাটিয়েছেন কি না, তা তাঁদের জানা নেই।