কক্সবাজারের চকরিয়া থেকে নিখোঁজ গৃহবধূ বুলবুল জান্নাত ৫৫ দিন পর উদ্ধার হয়েছেন। তিনি দাবি করেন, এত দিন তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। ২০ মে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ওই গৃহবধূ সাংবাদিকদের জানান, গত ২৩ মার্চ সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁর ভাসুর আলী হোছাইন, আবু তাহের, নাজেম উদ্দিন ও রেজাউল করিম চিকিৎসার কথা বলে বাবার বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাঁকে চকরিয়া হাসপাতাল সড়কে নিয়ে আসেন। সেখানে তাঁকে একটি কোমল পানীয় (স্প্রাইট) ও বিস্কুট খেতে দেওয়া হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরের দিন জ্ঞান ফিরলে নিজেকে অপরিচিত একটি ঘরের কক্ষে আবিষ্কার করেন। উদ্ধারের আগ পর্যন্ত ওই কক্ষে তাঁকে আটকে রাখা হয়। এক বৃদ্ধ তাঁকে প্রতিদিন খাবার সরবরাহ করতেন।বুলবুল জান্নাত জানান, ১৯ মে রাতে একদল লোক ওই কক্ষ থেকে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে উপজেলার ডুলাহাজারা বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাঁকে উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আলীম বলেন, ডাক্তারি পরীক্ষা ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের পর গৃহবধূ বুলবুল জান্নাতকে বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আসলে বুলবুলকে অপহরণ করা হয়েছিল কি না, তার অনুসন্ধান চলছে।পুলিশ জানায়, বুলবুল জান্নাতের নিখোঁজ হওয়া নিয়ে তাঁর ভাই নুরুল কাদের বাদী হয়ে প্রবাসী স্বামী আমির হোসাইনের মাসহ ওই পরিবারের চারজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। অন্যদিকে দেড় মাস পর একই অভিযোগে বুলবুলের ভাইসহ পরিবারের সাতজনের বিরুদ্ধে আরেকটি পাল্টা মামলা রুজু করা হয়। স্বামী আমির হোসাইনের বড় বোন মিনাহা বেগম বাদী হয়ে ওই মামলাটি করেন। বর্তমানে দুই মামলায় অভিযুক্ত কেউ ধরা পড়েনি। এ প্রসঙ্গে জানতে চাইলে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা মো. আলীম বলেন, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ১৪ মে প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘চকরিয়ায় দেড় মাস ধরে গৃহবধূ নিখোঁজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।