
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ পৌরসভা এলাকায় ১০ ও ১১ এপ্রিল দুই দিনে মাত্র ৫৫ মিনিটে শেষ করা হয়েছে প্রায় দেড় কিলোমিটার সড়কের সংস্কারকাজ। সপ্তাহ না ঘুরতেই সংস্কার করা ওই অংশে আবার গর্ত সৃষ্টি হয়েছে।
৯ এপ্রিল প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আমার চট্টগ্রামে ‘৪৩ কিলোমিটারের দুর্ভোগ গেল না, সংস্কার করা অংশে গর্ত’ শীর্ষক শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে ঠিকাদার গর্তগুলো ভরাটের উদ্যোগ নেন।
স্থানীয় লোকজন জানান, ১০ এপ্রিল বেলা দুইটার দিকে ১৪ জন শ্রমিক দিয়ে ঠিকাদারের লোকজন টেকনাফ পৌরসভার বাসস্টেশনের নাফ ভিউ ফিলিং স্টেশনের সামনে সড়কের সংস্কারকাজ শুরু করেন। মাত্র ২৫ মিনিটে সড়কের প্রায় ৩৫০ ফুট সংস্কার করে শ্রমিকেরা চলে যান। ১১ এপ্রিল বেলা দুইটার দিকেও পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় ৩০ মিনিটে এক কিলোমিটারের বেশি সড়কের সংস্কারকাজ শেষ করেন ঠিকাদারের লোকজন।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সংস্কার অংশে আবার গর্ত সৃষ্টি হয়েছে। সংস্কারকাজ কোনো কাজেই এল না।
স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দগুলোয় ইট, পাথর ও মাটিচাপা দিয়ে ভরাট করে তার ওপর পিচঢালাই করা হয়। হাতে গোনা কয়েকজন শ্রমিক টিনের কনটেইনার ভর্তি করে বিটুমিন ছিটান। তা ছাড়া ভরাট করা গর্তের ওপর রোলার দিয়ে চাপা দেওয়ার নিয়ম থাকলেও ব্যবহার করা হয়েছে ডাম্পার গাড়ি।
ট্রাকচালক নবী হোসেন ও ফজল হক বলেন, যে কাজ হয়েছে, তা এক বৃষ্টিতে ধুয়ে গেছে। ফলে অল্প সময়ের মধ্যে আবার খানাখন্দে ভরে গেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নীরব ভূমিকায় ঠিকাদার অনিয়মের সুযোগ পাচ্ছেন।
সংস্কারকাজে অনিয়ম প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস প্রজেক্ট বিল্ডার্সের প্রকল্প সুপারভাইজার মো. ফরিদ জানান, বাংলাদেশের কোনো কাজই শিডিউল অনুযায়ী হয় না। একটু উনিশ-বিশ হয়। হ্নীলার সওজের ডর্ক ইয়ার্ড থেকে রোলার আনা সম্ভব না হওয়ায় পাথরভর্তি ডাম্পার গাড়ি দিয়ে পিচঢালাই চাপা দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সওজ টেকনাফের দায়িত্বে থাকা উখিয়ার উপসহকারী প্রকৌশলী পলাশ চাকমা বলেন, ‘সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে।’
সওজ কার্যালয় সূত্র জানায়, টেকনাফ জিরো পয়েন্ট থেকে উখিয়া উপজেলার থাইংখালী পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৩ সালে সড়ক বিভাগ প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ দেয়। একই বছরের ১৬ মে ঢাকার প্রজেক্ট বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ২০১৪ সালের ১৬ মে কার্যাদেশের সময়সীমা শেষ হলেও প্রতিষ্ঠানটি মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটার কাজ শেষ করেছে। ইতিমধ্যে সংস্কার করা সড়কের ওপর কয়েক শ গর্ত ও খানাখন্দে ভরে গেছে। এ কারণে যানবাহন চলাচলে সমস্যার পাশাপাশি সড়ক দুর্ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে।