৫৫ সফল নারীর সংবর্ধনা ১০ ফেব্রুয়ারি শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম খুরশিয়া চরপাথরঘাটা গ্রামের মেয়ে ছেনোয়ারা বেগম (৪৫)। সন্তানসম্ভবা অবস্থায় তাঁকে ছেড়ে চলে যান স্বামী মুন্সি মিয়া। এরপর গৃহপরিচারিকা, তারপর মাথায় করে চাল নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি। এক মণ ধান নিয়ে চাল বিক্রি শুরু করা এই নারী অভাবনীয় ধৈর্য ও সাহসের সঙ্গে ধান-চালের ব্যবসা করে এখন স্বাবলম্বী।
ছেনোয়ারার মতো নানা বাধা বিপত্তি, কুসংস্কার, নির্যাতন ও অভাবকে জয় করে শিক্ষা ও চাকরি, সন্তানদের পড়ালেখা করিয়ে সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু এবং সমাজ উন্নয়নে সফল ৫৫ জন নারীকে বাছাই করেছে নারী উন্নয়ন অধিদপ্তর। তাঁদের আখ্যা দেওয়া হয়েছে জয়িতা।
এসব জয়িতা ও তাঁদের স্বজন-শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন বিভাগের লোকজনদের নিয়ে ১০ ফেব্রুয়ারি মিলনমেলা বসবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার প্রত্যেক জেলা থেকে পাঁচজন করে এ ৫৫ জন জয়িতাকে ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হবে ওই দিন।
সংবর্ধেয় চট্টগ্রামের পাঁচজনের মধ্যে অন্য চারজন হলেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পটিয়ার চরপাথরঘাটার টেকপাড়ার প্রকৌশলী রোকসানা আকতার, (ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক), সফল জননী হিসেবে হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চরের বিথিকা চক্রবর্তী, নির্যাতনকে জয় করা সন্দ্বীপের সাতঘরিয়ার জ্যোৎস্না বেগম এবং নারী উন্নয়নের অবদান রাখা পটিয়ার ভাটিখাইনের জেসমিন সুলতানা।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, শহীদজায়া মুশতারী সফি এবং অধ্যক্ষ আনোয়ারা আলম।