৫৬ হাজার বর্গমাইল
এই তো ফেব্রুয়ারির কথা। গাজীপুরে বন্ধু সমাবেশ। সারা দেশের বন্ধুরা উপস্থিত। আবেগ আর উচ্ছ্বাস ছাপিয়ে উত্কণ্ঠায় শেষ করতে হয়েছে সমাবেশ।
তাঁরা ফিরে যান আবার সমাবেশে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। শুরু হয় বন্ধুদের প্রস্তুতি। এর অংশ হিসেবে গত কয়েক মাসে কয়েকটি অঞ্চলে বন্ধুমেলা হয়েছে সফলভাবে। সেই রেশ কাটতে না-কাটতেই জাতীয় সম্মেলনের ডাক বন্ধুদের উজ্জীবিত করেছে। সমাবেশের মতো আবারও বসল মিলন মেলা।
গতকাল শনিবার। সকাল আটটায় সারা দেশ থেকে আসা বন্ধুরা জড়ো হলেন কারওয়ান বাজারের সিএ ভবনের সামনে। সবার মধ্যে ব্যস্ততা আর উচ্ছ্বাস। প্রথম আলো কার্যালয়ের ১০ম তলায় সম্মেলনকক্ষে যাওয়ার জন্য। কেউ লিফটে, কেউবা সিঁড়ি ভেঙেই পৌঁছে যাচ্ছেন সম্মেলনকক্ষে। এক বন্ধুসভার বন্ধু অন্য বন্ধুসভার বন্ধুর কাছ থেকে বছরের কর্মসূচি আদান-প্রদান করছিলেন। জানতে চান কী বিশেষ পরিকল্পনা করেছেন এক বছরের। শুরু হয় জাতীয় সম্মেলনের কার্যক্রম। শুভেচ্ছা, অভিজ্ঞতা বিনিময়, সাংগঠনিক পথচলার বিভিন্ন বিষয় উঠে আসে সম্মেলনে। তারুণ্যনির্ভর বন্ধুরা আগামী দিনে সামনে যাওয়ার নির্দেশনা পেয়েছেন সম্মেলন থেকে। শুধু কি তাই? প্রাণবন্ত ছিল দিনভর বন্ধুদের বর্ণিল উপস্থাপনা।
বিকেলে আবার বন্ধুদের ছুটে চলা গন্তব্যে। এ গন্তব্য টেকনাফ থেকে তেঁতুলিয়া নয়, পুরো দেশে। হাতে হাত রেখে ৫৬ হাজার বর্গমাইল চলি আমরা। তাই, হাত বাড়াও বন্ধু, এক বাংলাদেশ গড়ি।
বরিশাল