৫৭-র চেয়ে ৩২ বড়
৩২ ধারা: হাই ডুড, হোয়াটস আপ?
৫৭ ধারা: খামোশ, বেয়াদব। বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটা ভুলে গেছিস?
৩২ ধারা: ওয়েট, ম্যান, ওয়েট! বড় মানে! কে বড়?
৫৭ ধারা: কে বড় মানে? আমি বড়।
৩২ ধারা: হোয়াই ডুড? তুমি কীভাবে বড় হলে?
৫৭ ধারা: তুমি? আপনি ছেড়ে এখন তুই আমাকে তুমি বলছিস?
৩২ ধারা: এখন তুমি বলছি, একটু পর তুই বলব।
৫৭ ধারা: কী? তুই আমাকে তুই করে বলছিস! ভুলে যাস না, আমি তোর চেয়ে দ্বিগুণের কাছাকাছি, আর তুই আমার থেকে ২৫ কম। মুখ সামলে কথা বল।
৩২ ধারা: দ্বিগুণ কেন, হাজারগুণ বেশি হয়েও তোমার লাভ নেই। এখন থেকে তোমার চেয়ে আমার ক্ষমতা বেশি।
৫৭ ধারা: কী বলছিস তুই এসব? ভুলে যাস না আমি ৫৭ ধারা, আমার ভয়ে লোকজন কাঁপে।
৩২ ধারা: কাঁপে না, কাঁপত। এখন আমার ভয়ে কাঁপবে।
৫৭ ধারা: মানে? কী বলছিস এসব?
৩২ ধারা: হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। তোমাকে দিয়ে কোনো কাজের কাজই হয়নি আসলে। তুমি থাকার পরও অতীব ক্ষমতাধর সাংসদের ফারমার্স ব্যাংকের অর্থ লোপাটের তথ্য, খুনের মামলার ভিআইপি আসামিদের হাসপাতালে বিলাসী জীবনযাপন কিংবা হল-মার্কের কেলেঙ্কারি, ক্রেস্টের স্বর্ণে খাদ, ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় সচিব হওয়া বা এ রকম বহু কেলেঙ্কারির খবর প্রতিনিয়ত সাংবাদিকেরা ফাঁস করে দিচ্ছে, ভবিষ্যতে আরও দেবে। তাহলে তুমিই বলো, তোমাকে দিয়ে কোন কাজের কাজটা আসলে হচ্ছে?
৫৭ ধারা: আচ্ছা! আমাকে দিয়ে কিছুই হচ্ছে না! আমি অথর্ব হয়ে গেছি! তাহলে তোকে দিয়ে কী উদ্ধার হবে, শুনি?
৩২ ধারা: এভরিথিং ম্যান, এভরিথিং। আমাকে ব্যবহার করেই অনেকে উদ্ধার পেয়ে যাবে। কারণ, এখন থেকে যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বিধিবদ্ধ কোনো সংস্থার অতিগোপনীয় বা গোপনীয় তথ্য-উপাত্ত কম্পিউটার, ডিজিটাল যন্ত্র, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করে বা করতে সহায়তা করে, তাহলে সেই কাজ হবে কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ। সাংবাদিকেরা সব সময়ই ছোঁক ছোঁক করে, ওদের থামানোর জন্যই আমার জন্ম। এখন বুঝতে পেরেছ তো, আমার ক্ষমতা কত?
৫৭ ধারা: ইয়ে ভাই, জি মানে... বুঝতে পেরেছি।
৩২ ধারা: ভাই আবার কী, স্যার বল ব্যাটা! নইলে কিন্তু...
৫৭ ধারা: নইলে কিন্তু স্যার ৩২ ধারায় ফাঁসায়া দেবেন। জি স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার...