৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলায় নয়টি ইউনিয়নের মধ্যে প্রথম পর্বে আজ মঙ্গলবার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নবাবপুর, আমিরাবাদ, মতিগঞ্জ ও সোনাগাজী সদর—এই চার ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ৫৮ হাজার ১১২ জন। প্রশাসন ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি ঝুঁকিপূর্ণ হিসেরে চিহ্নিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ নূরুল্লাহ প্রথম আলোকে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসারের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ জন সদস্য মোতায়েন রাখা হবে। নির্বাচনের সময় ১৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, মতিগঞ্জ ও সোনাগাজী সদর ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯৫২ জন, ভোটকেন্দ্র ১৮টি। মতিগঞ্জ ইউনিয়নে আমিন উদ্দিন, মো. ইসমাইল, কামরুল ইসলাম চৌধুরী, মো. আবদুল কাইয়ুম ভূঞা, মাহফুজ আলম, জসিমউদ্দিন আহামদ, সাইফুল ইসলাম ও গোলাম সারোয়ার চেয়ারম্যান পদপ্রার্থী। সোনাগাজী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন সামছুল আরেফিন, বোরহান উদ্দিন, আবুল কাশেম, জসিম উদ্দিন, মো. মাঈন উদ্দিন খান, হুমায়ুন কবির খান, রফিক উদ্দিন সিদ্দিকী ও নূর মোহাম্মদ। নবাবপুর ও আমিরাবাদ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ আলী জানান, দুই ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ১৬০ জন, ভোটকেন্দ্র ২০টি। আমিরাবাদ ইউনিয়নে ফখর উদ্দিন, জহিরুল আলম, নুরুল আনোয়ার, মফিজুর রহমান ভূঞা, নিজাম উদ্দিন, শেখ ইসমাইল হোসেন ও শেখ ফরিদ চেয়ারম্যান পদপ্রার্থী। নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন জহিরুল আলম, জামশেদ আলম, আমজাদ হোসেন, জহির উদ্দিন, শাহ আলম, গিয়াস উদ্দিন ভূঞা, মুছা খান, দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম।উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী প্রথম আলোকে জানান, নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার সব পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে। তিনি আশা করেন, সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যাবে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ইউপি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী বলেন, ‘কেন্দ্র দখলের দিন শেষ। যেকোনো কিছুর বিনিময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা প্রস্তুত।’