৫৯ বছর বয়সে মহাশূন্যে হাঁটলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার পাভেল ভিনোগ্রাদভ সবচেয়ে বেশি বয়সে মহাশূন্যে হেঁটে বেড়ানোর রেকর্ড গড়েছেন। ৫৯ বছর বয়সী এই নভোচারী গত শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অংশের বাইরে ছয় ঘণ্টা ৩৮ মিনিটব্যাপী অবস্থান করেন। এ সময় তাঁর সঙ্গী ছিলেন স্বদেশি রোমান রোমানেনকো। মহাকাশ স্টেশনের বাইরে ভিনোগ্রাদভ এ পর্যন্ত ১৭ বার হেঁটেছেন। তবে রোমানেনকোর জন্য এটিই ছিল প্রথম অভিজ্ঞতা। অবশ্য তাঁর বাবা মহাশূন্যে হাঁটেন মোট চারবার। ২০১৩ সালে ভিনোগ্রাদভ-রোমানেনকোই মহাকাশ স্টেশনের বাইরে প্রথম হাঁটলেন। তাঁরা আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্রাংশ স্থাপন এবং একটি নভোযান নিয়ন্ত্রণযন্ত্র পুনঃস্থাপনের লক্ষ্যেই মহাকাশ স্টেশনের বাইরে গিয়েছিলেন। সিবিএস নিউজ।