সহিংসতার আশঙ্কার মধ্য দিয়েই বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুলাই। পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে শেষমুহূর্তের জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের বাড়ি বাড়ি গণসংযোগ করছেন তাঁরা। এদিকে, নির্বাচনকে ঘিরে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি এবং কয়েকটি ইউনিয়নে প্রকাশ্য অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে ছনুয়া, খানখানাবাদ, বাহারছড়া, সরল ও গণ্ডামারা ইউনিয়নে এ ধরনের তৎপরতা বেশি চলছে বলে জানা গেছে। উপজেলায় মোট ১৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক চৌধুরী তাঁর এলাকার অন্য প্রার্থীরা প্রকাশ্যে অবৈধ অস্ত্রের মহড়া দিচ্ছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মামুন আবছার চৌধুরী অভিযোগ করেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ব্যাপারে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একই রকম অভিযোগ করেন সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খোন্দকার ছমি উদ্দীন। শেখের খীল ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দীন অভিযোগ করেন, ‘জামায়াত শিবিরের সহস্রাধিক ক্যাডার নির্বাচনকে ঘিরে এলাকায় অবস্থান নিয়েছেন। সাধারণ ভোটাররা এতে উদ্বিগ্ন। ইউনিয়নে জামায়াত শিবির ক্যাডাররা তাঁদের প্রার্থীকে জয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন। সাধারণ ভোটাররা মনে করেন, এ ব্যাপারে প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে নির্বাচনের দিন এর প্রভাব পড়বে। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ২২ হাজার ৭৭১ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩৩টি। এর মধ্যে ৫৯টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে—ছনুয়ায় ছয়টি, পুঁইছড়িতে পাঁচটি, শেখেরখীলে চারটি, শীলকূপে চারটি, গণ্ডামারায় পাঁচটি, সরলে ছয়টি, খানখানাবাদে ছয়টি, বৈলছড়িতে তিনটি, কাথারিয়ায় চারটি, কালীপুরে পাঁচটি, সাধনপুরে ছয়টি, পুকুরিয়ায় পাঁচটি ও বাহারছড়ায় চারটি। উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘প্রতিদিন আচরণবিধি লঙ্ঘনের মৌখিক অভিযোগ আসে। তবে লিখিত অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।’বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, ‘কাল থেকে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযান চলবে। কোনো ধরনের সংহিস ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সজাগ আছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত বলেন, ‘বাঁশখালীর একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র হওয়ায় সন্ত্রাসীরা অবস্থান নিতে পারে সহজে। তবে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’ এদিকে দক্ষিণ চট্টগ্রামের একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার চাম্বল ইউনিয়নের নুরুন্নাহার বেগম ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। নারীদের ভোটেই নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। প্রবল বৃষ্টি উপক্ষো করে নারী ভোটারদের সঙ্গে নিয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।