ছেলেদের সঙ্গে মেয়েদের চিন্তাভাবনার পার্থক্য তাড়াতাড়িই শুরু হয়। মেয়েরা মাত্র ছয় বছর বয়সে ভাবতে শুরু করে। সায়েন্সসাময়িকী গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
পাঁচ থেকে সাত বছর বয়সী ৭০০ শিশু এ গবেষণায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন, নিউইয়র্ক ও ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ওই শিশুদের বেশ কিছু কাজ দিয়েছিলেন। প্রথমে শিশুরা একটা গল্প শুনবে। ‘সত্যিকারের বুদ্ধিদীপ্ত’ এক ব্যক্তির কাহিনি। তবে মানুষটি নারী নাকি পুরুষ, সে বিষয়ে কোনো ইঙ্গিত থাকবে না।
পাঁচ বছর বয়সে ছেলেমেয়ে নির্বিশেষে নিজ লিঙ্গের মানুষকে সত্যিকারের বুদ্ধিদীপ্ত ভাবতে পারে। কিন্তু ছয় ও সাত বছর বয়সে পৌঁছানোর পর মেয়েদের ধারণা অনেকটাই পাল্টে যায়। তারা ছেলেদের তুলনায় নিজ লিঙ্গের মানুষের মেধা বা বুদ্ধিমত্তা সম্পর্কে কম আস্থাশীল হতে শুরু করে। গবেষকেরা এমন তথ্যই পেয়েছেন।
একই গবেষণার পরবর্তী পর্যায়ে ওই বিজ্ঞানীরা শিশুদের একটি পরীক্ষা নেন। চারটি ছেলেমেয়ের মধ্যে কারা ভালো নম্বর পেয়েছে, আন্দাজ করতে বলেন। এতে দেখা যায়, মেয়েরা শীর্ষ নম্বর অর্জনকারী হিসেবে মেয়েদের বাছাই করতে গিয়েও থেমে যায়। তারা মনে করে, মেয়েদের অর্জনের ধারণার সঙ্গে বুদ্ধিমত্তার ধারণার পার্থক্য রয়েছে।
সবশেষে ওই বিজ্ঞানীরা শিশুদের দুটি নতুন খেলার বিষয়ে আগ্রহ জানতে চান। একটা খেলার জন্য শিশুদের সত্যিকারের বুদ্ধিদীপ্ত হতে হয়। আরেকটি খেলার জন্য ‘কঠোর পরিশ্রম’ জরুরি। গবেষকেরা দেখতে পান, ছয় ও সাত বছর বয়সী মেয়েরা প্রথম খেলাটায় ছেলেদের চেয়ে কম আগ্রহী। আর পাঁচ বছর বয়সী মেয়েরা সাধারণত দ্বিতীয় খেলাটার প্রতিই বেশি আগ্রহ দেখায়।
এ গবেষণায় যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিন বায়ান নেতৃত্ব দেন। তাঁর মতে, নারীর পেশাগত জীবন বেছে নেওয়ার চিন্তার ব্যাপারে এই গবেষণা থেকে কিছুটা ইঙ্গিত মিলতে পারে। পদার্থবিদ্যা ও দর্শনের মতো বিষয়ে সাধারণত অত্যন্ত বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীরাই বেশি আগ্রহী হয়। সম্ভবত অল্প বয়সের চিন্তাভাবনার কারণেই মেয়েরা এ ধরনের বিষয়ে পড়াশোনা ও পেশাজীবন গড়ার পথ থেকে সরে যেতে শুরু করে। সব মিলিয়ে শৈশবের ওই চিন্তার ধরন তাদের পেশাগত উৎসাহ-উদ্দীপনার ওপর প্রভাব ফেলে।