৬ মাসের নির্মাণকাজ ৩৪ মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের গাফিলতির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা-সোনাদিয়া সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ ৩৪ মাসেও শেষ হয়নি।এ ছাড়া কবে নাগাদ ওই সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অথচ দরপত্রের কার্যাদেশ অনুযায়ী, সংযোগ সড়কের নির্মাণকাজ ছয় মাসের মধ্যে শেষ করার কথা। সংযোগ সড়ক না থাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু স্থানীয় জনগণের কাজে আসছে না।গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাগরের ঢেউয়ে ঘটিভাঙা-সোনাদিয়া সেতুর এক পাশে সংযোগ সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। ঠিকাদারেরা সড়কটি রক্ষার জন্য বালির বস্তা ফেলছেন। স্থানীয় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন বলেন, ‘প্রায় দেড় বছর সংযোগ সড়কের কাজ বন্ধ থাকার পর ২০ দিন ধরে আবার ঠিকাদারের লোকজন সংযোগ সড়কের নির্মাণকাজ করছেন।’উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হয়। এরপর ঘটিভাঙা সেতুর সংযোগ সড়কের জন্য স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ২০০৯ সালের জুলাই মাসে প্রায় ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সংযোগ সড়কের নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কাসেম কনস্ট্রাকশন। কার্যাদেশ অনুযায়ী, ২০০৯ সালের ২৭ আগস্ট নির্মাণকাজ শুরু করে ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করার কথা। কিন্তু ছয় মাসের এই নির্মাণকাজ ৩৪ মাসেও শেষ হয়নি।এ বিষয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট ঠিকাদার আবুল কাসেম জানান, সেতুর উত্তর পাশে কয়েকবার সংযোগ সড়ক নির্মাণ করা হলেও সাগরের ঢেউয়ের আঘাতে তা বিলীন হয়ে যায়। পরে সড়ক রক্ষার জন্য রক্ষাদেয়াল নির্মাণের আবেদন করা হয়। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাড়া দেয় এবং গত মাসে ওই সংযোগ সড়কের নকশা পরিবর্তন করে। নতুন নকশা অনুযায়ী এক মাস ধরে সংযোগ সড়কের নির্মাণকাজ চলছে। কবে নাগাদ কাজ শেষ হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মাসেই ওই সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হবে।’এ বিষয়ে মহেশখালী উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ‘চলতি মাসের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’