৬ হাজার অবৈধ গভীর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রাবাদ ব্যাপারিপাড়ার ৩ নম্বর সড়কের মো. আলমগীর পাঁচতলা ভবনের মালিক। এক বছর আগে ওয়াসার অনুমতি ছাড়াই প্রায় ৭০০ ফুট গভীর নলকূপ বসিয়েছেন। অনুমতি নেননি কেন—জানতে চাইলে বলেন, ‘সংযোগ পেতে ওয়াসায় আবেদন করেছি দুবছর আগে। ফল হয়নি।’ তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘বিদ্যুৎ, গ্যাস—এসবের বিকল্প আছে, কিন্তু পানির বিকল্প কী?’ তাঁর কথা—ওয়াসার সংযোগের আশায় বসে থাকলে ভবনটা অকেজো ফেলে রাখতে হতো। পানি ছাড়া বাসা ভাড়া নেবেন কে? হামজারবাগ এলাকায় রেললাইনসংলগ্ন পাশাপাশি দুটি পাঁচতলা ভবনে ভাড়ায় থাকে ৩৫ পরিবার। ওই দুটি ভবনেও গভীর নলকূপ বসানো হয়েছে ওয়াসার অনুমতি ছাড়া। জানা গেছে, নগরে গণহারে গভীর নলকূপ বসানো হচ্ছে। বর্তমানে অবৈধ নলকূপের সংখ্যা সাড়ে ছয় হাজার। অন্যদিকে ওয়াসার ৭৫টি নলকূপেও নিয়মিত পানি তোলা হচ্ছে। ফলে পানির স্তর নেমে যাচ্ছে দ্রুত। ওয়াসা চাহিদামতো পানি সরবরাহ করতে না পারায় বৈধ-অবৈধ উপায়ে গভীর নলকূপ বসানোর হার বাড়ছে। এ ব্যাপারে রাজস্ব বিভাগ এক মাসে অর্ধশত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি (নোটিশ) দিয়েছে বলে জানা গেছে।জানা যায়, বর্তমানে ওয়াসার বৈধ গ্রাহক ৪৪ হাজার। নগরে দৈনিক পানির চাহিদা ৫০০ মিলিয়ন লিটার। অথচ ওয়াসা সরবরাহ দিতে পারছে অর্ধেকেরও কম, ২০০ মিলিয়ন লিটার। ওয়াসার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, নগরে গভীর নলকূপ আছে আট হাজার। এর মধ্যে অনুমোদিত মাত্র দেড় হাজার। কিছু দুর্নীতিবাজ মিটার পরিদর্শকের কারণে অননুমোদিত গভীর নলকূপ স্থাপনকারীদের চিহ্নিত করা যাচ্ছে না।জানা যায়, রাজস্ব বিভাগ মাসে ৩০-৪০টি গভীর নলকূপ স্থাপনের অনুমতিপত্র দিচ্ছে। পাঁচ বছর আগে গভীর নলকূপ স্থাপনে যাচাই বাছাই করে অনুমোদনপত্র দেওয়া হতো। এখন তা-ও করা হয় না। দেড়-দুহাজার ফুট দূরত্বের মধ্যে গভীর নলকূপ স্থাপনের নিয়ম রয়েছে। অথচ এই নিয়ম মানা হচ্ছে না।গত পাঁচ বছরে নগরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে প্রায় ১০০ ফুট। পাঁচ বছর আগে পানির স্তর ছিল ১০০-২০০ ফুট নিচে। বর্তমানে ২০০-৩০০ ফুট নিচে। গভীর নলকূপ স্থাপন ছাড়াও অতিরিক্ত পানি উত্তোলন, অনাবৃষ্টি, নদী, পুকুর-দিঘি ভরাট করার কারণেও পানির স্তর দ্রুত নিচে নামছে বলে ওয়াসার প্রকৌশলীরা জানান।ওয়াসার প্রধান প্রকৌশলী শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গণহারে গভীর নলকূপ স্থাপন করায় পানির স্তর নিচে নামছে। এ কারণে ওয়াসার পানির উৎপাদনও ব্যাহত হচ্ছে।’ প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌস বলেন, ‘ওয়াসা চাহিদার দুই-তৃতীয়াংশ পানি সরবরাহ দিতে পারছে। অনুমতি না নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গভীর নলকূপ স্থাপন করলে আমরা মিটার পরিদর্শকদের মাধ্যমে তথ্য সংগ্রহ করি। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তি দিই। যথাযথ নিয়ম অনুসরণ করলে অনুমোদন দেওয়া হয়। সাড়া না দিলে ব্যবস্থা নিই।’ নাম প্রকাশ না করে প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ওয়াসা চাহিদামতো পানি সরবরাহ দিতে না পারায় গভীর নলকূপ স্থাপন করলেও করার কিছু থাকে না। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে কড়াকড়ি আরোপ করা যাচ্ছে না।’সূত্রমতে, ওয়াসার পরিচালনা ও সংরক্ষণ বিভাগ ১ ও ২-এর আওতায় বর্তমানে গভীর নলকূপ রয়েছে ৭৫টি। এসব নলকূপ ৫০০-৮০০ ফুট গভীর। নলগুলো ৪, ৬ ও ৮ ইঞ্চি ব্যাসার্ধের। প্রতিটি গভীর নলকূপ ঘণ্টায় ১০-৪০ হাজার গ্যালন পানি তুলতে সক্ষম। গত জানুয়ারিতে ৭৫টি গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয়েছে ৬০৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার লিটার।এক মিটার পরিদর্শক নাম প্রকাশ না করে বলেন, ‘বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিদিন ওয়াসার ১০-১২টা গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে। রাজস্ব কর্মকর্তা বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘অনুমতি ছাড়া গভীর নলকূপ বসানোর কারণে গত এক মাসে অন্তত অর্ধশত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি।’