৬০ বছর ধরে অস্থায়ী শিবিরে
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ—ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসকে একসঙ্গে ইন্দোচীন বলা হয়। এ ভূখণ্ড কিছুদিন ফ্রান্সের অধীন ছিল। আজ থেকে বছর ষাটেক আগে সেই ফরাসি শাসনের অবসান ঘটে।ইন্দোচীনে ফ্রান্সের ঔপনিবেশিক প্রশাসনে কাজ করেছেন তারা। সন্দেহ নেই, অনেকেই তা করেছেন স্রেফ জীবিকার তাগিদে। কিন্তু ‘দখলদার সাম্রাজ্যবাদী’ প্রশাসনের চাকরি করায় দেশের মানুষ তাদের পছন্দ করত না। এ কারণে ফরাসি সাম্রাজ্যের পতনের পর তাদের অনেকের জীবন সংকটাপন্ন হয়ে ওঠে।একটা সময় তাদের মধ্যে অনেকে দেশ ছাড়তে বাধ্য হন। কিছু মানুষের আশ্রয় জোটে ফ্রান্সের মাটিতে। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় দুর্ভোগ। যে দেশের ঔপনিবেশিক শাসনকে স্থায়ী করতে একসময় উদয়াস্ত পরিশ্রম করেছেন, সে দেশে ঢোকার পর তারা হয়ে পড়েন অচ্ছুত।পরিত্যক্ত এক সেনাব্যারাকে ঠাঁই হয়েছিল হতভাগ্য ওই এশীয়দের। তাঁরা ভেবেছিলেন, এ ব্যবস্থা সাময়িক; বড়জোর কয়েক মাস সেখানে থাকতে হতে পারে। কিন্তু এমনই দুর্ভাগ্য, ৬০ বছরের বেশি সময় পরও তারা সেখানেই রয়েছেন। অবশ্য আদি বাসিন্দাদের মধ্যে বেঁচে আছেন মাত্র ৩০ জন; বাকিরা মারা গেছেন। তাঁদের সন্তানেরা বড় হয়ে অনত্র গিয়ে নিজেদের মতো জীবন গড়ে নিয়েছে।সেনাব্যারাকটির অবস্থান ফ্রান্সের ছোট শহর সান্ট লিভরাদের কাছে। শুরুতে সেখানকার আবাসনব্যবস্থা ছিল অত্যন্ত নাজুক। পয়োনিষ্কাশন ও শীতে উষ্ণতার ব্যবস্থা ছিল যাচ্ছেতাই ধরনের। স্থানীয় ফরাসি নাগরিকদের বিরোধিতার মুখে যাতে পড়তে না হয়, সে জন্য নতুন এ অধিবাসীদের চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এ কারণে ফরাসি সংস্কৃতিতে মিশে যাওয়ার কোনো সুযোগও তাঁদের হয়নি। কয়েক দশক পর চলাফেরার নিষেধাজ্ঞা শিথিল করা হয়।স্থানীয় ফরাসিরা এ আবাসিক এলাকাকে ডাকে ‘ভিয়েতনাম স্যুয় লত’, অর্থাৎ লত নদীর তীরের ভিয়েতনাম বলে।সেনাব্যারাকটির ঘরগুলো নিচু ছাদের, খামারবাড়ির সঙ্গেই এর মিল বেশি। অবস্থা জরাজীর্ণ। এসব ঘরের ভেতরে ঢুকলে একসঙ্গে দুটি কথা মনে হয়। প্রথমত, মনে হবে এশিয়ার কোনো একটা জায়গায় আসা হয়েছে। দ্বিতীয়ত, অনুভূতিটা হবে ফ্রান্সের হারিয়ে যাওয়া সাম্রাজ্যের দিনে ফিরে যাওয়ার। এখানকার ঘরগুলোর দেওয়ালে টাঙিয়ে রাখা ছবির মধ্যে রয়েছে ইন্দোচীনে ফরাসি সৈনিকদের কুচকাওয়াজের দৃশ্য। দেয়ালে ঝুলছে ফরাসি ঔপনিবেশিক প্রশাসনে কাজ করা ব্যক্তিদের ব্যবহূত টুপি।এখানকার আদি বাসিন্দা ৯১ বছর বয়সী এমিল লুজান ফরাসি সৈনিকদের সঙ্গে ফ্রান্সের জন্য যুদ্ধ করেছেন। এ জন্য মাতৃভূমিতে সাত বছর জেল খাটতে হয়েছে তাঁকে। কিন্তু ফ্রান্সে আসার পরও তাঁর প্রতি যে আচরণ করা হয়েছে তাতে মহাক্ষুব্ধ এ বৃদ্ধ।এমিল লুজান বলেন, ফরাসি জীবনের সঙ্গে ইন্দোচীনের এসব মানুষকে একীভূত করার কোনো উদ্যোগ কখনো নেওয়া হয়নি। তৃতীয় বিশ্বের মানুষদের ফরাসি সমাজে একীভূতকরণের বিষয়কে তখন চরম অপছন্দ করা হতো। তখন তাদের জন্য বুদ্ধিমানের কাজ ছিল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চুপচাপ থাকা। আরেক আদিবাসিন্দা পিয়ের শার্ল মানিকোয়াত জানান, সত্তরের দশক পর্যন্ত তাঁদের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হতো। তাঁর মতে ফ্রান্সের সাধারণ মানুষ অন্য কোনো দেশের মানুষের চেয়ে বিশেষ ভালো বা খারাপ কোনোটিই নয়; সমস্যা হচ্ছে দেশটির সরকার। এই সরকারই তাঁদের প্রতি অবিচার করেছে।স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি পরিত্যক্ত এ আবাসনে কখনো অগ্রাধিকার পায়নি। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে ২০০৪ সালে এখানকার একটি ঘরে আগুন লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়। এরপরই শুধু ফরাসি সরকার দুর্দশাপীড়িত মানুষের কষ্ট লাঘবে প্রথমবারের মতো এগিয়ে আসে।অব্যবহূত ঘরগুলো ভেঙে সেখানে এশীয়কেতার কিছু নতুন ঘর তৈরি করা হয়েছে। কিন্তু এত দিন পর হঠাৎ করে নতুন এসব বাড়িতে উঠতে চাইছে না অনেকে। ৬০ বছর ধরে এক ঘরে জীবন কাটানোর পর নতুন করে ঠাঁইনাড়া হওয়ার যুক্তি পাচ্ছে না তারা। ইমাম হোসেন সাঈদ, বিবিসি থেকে