৬০ বছরেও চিকিৎসক যাননি মাতৃ মঙ্গলকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান গ্রামে মাতৃ মঙ্গল ও শিশু কল্যাণকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে l প্রথম আলো
বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান গ্রামে মাতৃ মঙ্গল ও শিশু কল্যাণকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান গ্রামে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাতৃ মঙ্গল ও শিশু কল্যাণকেন্দ্র। দশ শয্যার এই হাসপাতালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো চিকিৎসক আসেননি। হাসপাতালে একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কর্মরত আছেন। তবে বর্তমানে এই কেন্দ্রের কার্যক্রম কেবল ব্যথার ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণের সামগ্রী বিতরণের মধ্যেই সীমাবদ্ধ।
উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র সূত্রে জানা গেছে, মাতৃ মঙ্গলকেন্দ্রে একজন চিকিৎসক, একজন নার্স, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, একজন আয়া ও একজন নৈশপ্রহরী থাকার কথা। তবে এখন আছেন মাত্র একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক। কেন্দ্রে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবস্থান করেন তিনি।
৯ সেপ্টেম্বর দুপুরে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় চিকিৎসকের বসার কক্ষটি তালা মারা। চার কক্ষবিশিষ্ট একতলা পাকা ভবনের বেশির ভাগ কক্ষের জানালা ভাঙা। কয়েকটি কক্ষের দরজা নেই। ভাঙা জানালা দিয়ে দেখা গেছে, রোগীদের শয্যাগুলো কোনোমতে টিকে থাকলেও নেই বিছানা ও জাজিম। এ ছাড়া ভেঙে পড়েছে কেন্দ্রের সীমানা দেয়াল। কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সবিতা চাকমা বলেন, এই কেন্দ্রে নেই পানি ও বিদ্যুতের ব্যবস্থা। রক্ষা দেয়াল ভেঙে যাওয়ায় অরক্ষিত অবস্থায় রয়েছে কেন্দ্রটি। কোনো রকমে বাঁশের বেড়া দিয়ে সীমানা দেয়ালের কাজ চালানো হচ্ছে। চিকিৎসক না থাকায় প্রসূতিদের সেবা দেওয়া হয় না।
এ প্রসঙ্গে রাঙামাটি জেলার সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা বলেন, ‘রাঙামাটির জেলায় দুটি মাতৃ মঙ্গল ও শিশু কল্যাণকেন্দ্র রয়েছে। একটি রাঙামাটি সদরে ও আরেকটি বাঘাইছড়ির উপজেলার রূপকারী ইউনিয়নের মগবান গ্রামে। রাঙামাটির সদরের স্বাস্থ্যকেন্দ্রটি চালু থাকলেও বন্ধ আছে মগবান মাতৃ মঙ্গলকেন্দ্র। দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো নষ্ট হয়ে গেছে। কেন্দ্রটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে আছে। মন্ত্রণালয় থেকে নতুন লোক নিয়োগ করার অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পেলে শিগগিরই চিকিৎসকসহ লোকবল নিয়োগ দেওয়া হবে।
রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা প্রথম আলোকে বলেন, মাতৃ মঙ্গল ও শিশু কল্যাণকেন্দ্রটি চালু করার জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। কার্যক্রম চালু না থাকায় এই স্বাস্থ্যকেন্দ্র জনগণের কোনো উপকারে আসছে না। চিকিৎসক ও লোকবল নিয়োগ দিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হলে এলাকা দরিদ্র নারীরা চিকিৎসাসেবা পাবেন। মাতৃ ও শিশু মৃত্যুহারও কমে আসবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক গিয়ে এই কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়ার কথা। তবে এখন একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক রোগীদের ওষুধ বিতরণ করেন। এখানে চিকিৎসাসেবা চালু হলে দুর্গম এলাকার প্রসূতি নারীদের দুর্ভোগ কমবে।