৬০ শতাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনার ছাড়াই চলছে নগরের প্রায় ৬০ শতাংশ বিদ্যালয়। এমন বিদ্যালয়ের তালিকায় পাড়া-মহল্লায় ভাড়া বাড়িতে গড়ে ওঠা বিদ্যালয়ের সংখ্যাই বেশি। এই তালিকায় সিটি করপোরেশনেরও কয়েকটি বিদ্যালয় আছে।শহীদ মিনার না থাকলেও বেসরকারি বিদ্যালয়গুলোতে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অপরদিকে সরকারি বিদ্যালয়গুলোতে শহীদ মিনার থাকা সত্ত্বেও অনুষ্ঠান হয় দায়সারাভাবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করে এসব তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেগুলোতে শহীদ মিনার গড়ে তোলার জন্য জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তাগিদ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ছুটির তালিকায় যেন ২১ ফেব্রুয়ারি না থাকে সে বিষয়েও নির্দেশনা পাঠানো হয়েছে। শ্রেণীর কার্যক্রম না চললেও ওই দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে।’জানা যায়, নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় আট-দশটি বিদ্যালয় পাওয়া যাবে, যেগুলো গড়ে উঠেছে ফ্ল্যাট বাড়িতে। এসব বিদ্যালয় ‘স্কুল ও কলেজ’ কিংবা ‘কিন্ডারগার্টেন’ নামে চলছে। এগুলোর কোনোটিতেই শহীদ মিনার নেই।নগরের জামালখান এলাকায় এ ধরনের একটি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বাবা রহিম উদ্দিন বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার থাকলে সেখানে শ্রদ্ধা নিবেদন করতে পারত শিক্ষার্থীরা। পরিচয় ঘটত দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে। কিন্তু এখানে সে সুযোগ নেই। শুধু ২১ ফেব্রুয়ারির দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনার মধ্যেই সব আয়োজন সীমাবদ্ধ থাকে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদ্যালয়ের পরিচালনা কর্তৃপক্ষের সভাপতি এ সম্পর্কে বলেন, ‘আসলে বিদ্যালয়ে শহীদ মিনার গড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কিন্তু ভাড়া বাড়িতে একটি নির্দিষ্ট জায়গায় সে সুযোগ পাওয়া যায় না।’এদিকে, নগরের নয়টি সরকারি বিদ্যালয়ের সব কটিতেই শহীদ মিনার আছে। অভিযোগ রয়েছে, এসব বিদ্যালয়ে দায়সারাভাবে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিছু কিছু বিদ্যালয়ে অনুষ্ঠান হলেও শিক্ষার্থীরা হাজির হয় না। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, ২১ ফেব্রুয়ারি হাজি মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সকাল নয়টায় বিদ্যালয়ে উপস্থিত হতে বলা হয়। শিক্ষার্থীরা আসার পর তাদের উপস্থিতি (প্রতি শ্রেণীতে রোল কল করে) নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কোনো অনুষ্ঠান হয়নি ওই দিন।নগরের একটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক অভিযোগ করেন, ‘আমরা ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি বিদ্যালয়ে। কিন্তু শিক্ষার্থীরা সেভাবে উপস্থিত না হওয়ায় আমাদের সব আয়োজন বিফলে যায়।’নগরে সিটি করপোরেশনের ৪৫টি বিদ্যালয় রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, এগুলোর মধ্যে সাত-আটটি ছাড়া বাকিগুলোতে কোনো শহীদ মিনারই গড়ে ওঠেনি। তবে তারা কেন্দ্রীয়ভাবে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে। শহীদ মিনার না থাকা প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম নিজামী বলেন, ‘আমাদের কয়েকটি বিদ্যালয়ের অবকাঠামো অত্যন্ত নাজুক। অনেক পুরোনো ধাঁচের। সেগুলোতে শহীদ মিনার গড়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। আবার কয়েকটি বিদ্যালয় বিভিন্ন সময়ে করপোরেশনের আওতাভুক্ত হয়েছে। সেগুলোতে আগে থেকেই শহীদ মিনার ছিল না। তবে আমরা পরিকল্পনা নিয়েছি, নতুন অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে এসব বিদ্যালয়ে পর্যায়ক্রমে শহীদ মিনার তৈরি করে দেওয়ার।’