৬০১ জন কর্মী নেবে এসএসএস
সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি দেশের ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৩০টি জেলায় ৬ লাখ পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে চারটি পদে মোট ৬০১ জন লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি গত ৩১ জানুয়ারি প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে ৫০ জন করে, সিনিয়র মাঠ সংগঠক পদে ৫০০ জন এবং প্রধান শিক্ষক পদে একজনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের মাস্টার্স পাস হতে হবে এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা ও ন্যূনতম ২ দশমিক ৫ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সহকারী শাখা ব্যবস্থাপক ও প্রধান শিক্ষক পদের প্রার্থীদের মাস্টার্স পাস হতে হবে। তবে প্রধান শিক্ষক পদের প্রার্থীদের কোনো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক (ন্যূনতম মাধ্যমিক বিদ্যালয়) হিসেবে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএড/বিএড পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে, সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীরা স্নাতক পাস হলেই আবেদন করতে পারবেন। পদভেদ প্রার্থীদের বয়স ২৮-২-১৭ তারিখে ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি পদ অনুযায়ী প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় মৌলিক জ্ঞান ও মোটরসাইকেল/বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের পরিচালক, মানবসম্পদ বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র পরিচালক, মানবসম্পদ বিভাগ, এসএসএস, প্রধান কার্যালয়, এসএসএস ভবন, ময়মনসিংহ রোড, পোস্টবক্স নম্বর ১০, টাঙ্গাইল ১৯০০—এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস-এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর ৬০১৫২৩৪০০২০৪৫ তে শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের ২০০ টাকা (অফেরতযোগ্য) এবং সহকারী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের ১০০ টাকার (অফেরতযোগ্য) অনলাইন জমা/টিটি করে জমার স্লিপ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র যাচাই-বাছাই করার পর প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শাখা ব্যবস্থাপক এবং সহকারী শাখা ব্যবস্থাপক ও প্রধান শিক্ষক পদের প্রার্থীদের পরীক্ষা হবে এসএসএস প্রধান কার্যালয় টাঙ্গাইলে। আর সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের পরীক্ষা হবে টাঙ্গাইল, কুমিল্লা ও চট্টগ্রামে। প্রার্থীদের মোবাইলের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক ২১ হাজার ৮৭৬ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ২৭ হাজার ৫৬২ টাকা বেতন দেওয়া হবে। সহকারী শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের প্রশিক্ষণকালে (চার মাস) মাসিক বেতন ১০ হাজার টাকা, শিক্ষানবিশকালে (ছয় মাস) মাসিক ১৮ হাজার ৪৫০ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ২৩ হাজার ১৯৮ টাকা বেতন দেওয়া হবে। আর সিনিয়র মাঠ সংগঠক পদের প্রার্থীদের প্রশিক্ষণকালে (দুই মাস) মাসিক ৮ হাজার টাকা, শিক্ষানবিশকালে (ছয় মাস) ১৫ হাজার ৪৭৪ টাকা এবং নিয়মিতকরণের পর মোট ১৯ হাজার ৩৮৫ টাকা বেতন দেওয়া হবে। প্রধান শিক্ষক পদের প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংস্থার চাকরিবিধি অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি, দুটি উৎসব বোনাস, দুটি পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, লাঞ্চ ভাতাসহ ইত্যাদি সুবিধা দেওয়া হবে।