৬১ নারীর সুরের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভির অর্কেস্ট্রা অদ্বিতীয়া অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজান সারাদেশ থেকে আসা নারী বাদ্যযন্ত্রীরা l ছবি: সংগৃহীত
বিটিভির অর্কেস্ট্রা অদ্বিতীয়া অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজান সারাদেশ থেকে আসা নারী বাদ্যযন্ত্রীরা l ছবি: সংগৃহীত

এটা একটা চমকই বটে। জানার পর যে-কেউ বলবেন, ঘটনাটা আন্তর্জাতিক নারী দিবসে হলেই তো ভালো হতো। কিন্তু সেটা হয়নি। হয়েছে অল্প কিছুদিন আগে। সারা দেশের ৬১ জন নারী বাদ্যযন্ত্রশিল্পীকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে ‘অর্কেস্ট্রা অদ্বিতীয়া’ নামের অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য হলো, যারা অনুষ্ঠানের সামনে ও পেছনে থেকে কাজ করেছেন, সবাই নারী। নানা ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে গান, রাগ নিয়ে কম্পোজিশন করা হয়েছে অনুষ্ঠানে। আর নারীরাই এই অনুষ্ঠানে বাজিয়েছেন নানা ধরনের বাদ্যযন্ত্র। শুধু তা-ই নয়, অনুষ্ঠানে রূপসজ্জাকর, শব্দগ্রাহক, চিত্রগ্রাহক ও প্রযোজক হিসেবে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁরাও সবাই নারী। তবে মূল পরিকল্পনাকারী বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক মাসউদুল হক। প্রযোজক এল রুমা আকতার। অনুষ্ঠানটি যেদিন ধারণ করার সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৫ মে ধারণকৃত ‘অর্কেস্ট্রা অদ্বিতীয়া’ প্রচার হয়েছে বিটিভিতে। প্রচারের পর বেশ সাড়াও পেয়েছে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ।

কেন এমন ভিন্ন ধরনের আয়োজন? মাসউদুল হক বলেন, ‘আমাদের সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছেন অনেক নারী বাদ্যযন্ত্রশিল্পী। তাঁরা অনেক দলের সঙ্গে বাজান। শুধু তাঁদের নিয়েই একটা অনুষ্ঠান করার পরিকল্পনা হঠাৎ মাথায় আসে। পরে সবার সহযোগিতা নিয়ে কাজটা করেছি। এত বাদ্যযন্ত্রশিল্পীকে এক জায়গায় করাও কঠিন কাজ ছিল।’

সেই কঠিন কাজটি বাংলাদেশ টেলিভিশন করেছে স্বাচ্ছন্দ্যে। সারা দেশের শিল্পকলা একাডেমি, বিভিন্ন গানের, রেডিও ও টেলিভিশনের বাদ্যযন্ত্রশিল্পীদের মাধ্যমে খোঁজা হয়েছে নারী বাদ্যযন্ত্রীদের। তারপর নির্দিষ্ট সময়ে ঢাকায় এসে অনুষ্ঠানের প্রস্তুতি ও মহড়ায় যোগ দিয়েছেন সবাই। সবশেষে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি করতে পেরে বেশ আনন্দিত প্রযোজক এল রুমা আকতার। পেছনের গল্প মনে করে বলেন, ‘নারীদের নিয়ে এমন আয়োজন সত্যিই কঠিন। আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিভিন্ন অঙ্গনের নারীরা। যেমন নৃত্যশিল্পী শামীম আরা নীপা, সাংবাদিক মুন্নি সাহা, ডা. নুজহাত চৌধুরী, অভিনেত্রী আফসানা মিমি, এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার, ক্রিকেটার জেসি, প্রথম নারী ট্রেনচালক সালমা আকতার। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।’

অনুষ্ঠানটিতে থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত ক্রিকেটার জেসি। ‘অনুষ্ঠানে গিয়ে আমি চমকে গিয়েছি। আমাদের দেশের মেয়েরা এত সুন্দর করে তবলা, বাঁশি, গিটারসহ সব ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারে, এটা জানা ছিল না। আমি সত্যিই মুগ্ধ,’ বলেন তিনি।

অনুষ্ঠানে রংপুর থেকে অংশ নিয়েছিলেন গিটার বাদক নাসরিন সুলতানা। এটা তাঁর জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা। ‘অর্কেস্ট্রা অদ্বিতীয়া’তে হাওয়াইন গিটার বাজিয়েছেন তিনি। এর আগে রেডিওতে বাজিয়েছেন। স্বাভাবিকভাবেই সবার সঙ্গে নিজেকে টিভিতে দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

অনুষ্ঠানটি নিয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেহালা বাদক ইশরার হাবিবের সঙ্গে। ‘এর আগে এ ধরনের অনুষ্ঠান দেখা বা অংশ নেওয়ার সুযোগ হয়নি। এত মেয়ে এত কিছু বাজাতে পারে, আমার ধারণা ছিল না। আমার জন্য অন্য রকম অভিজ্ঞতা,’ বলেন ইশরার।

প্রযোজক এল রুমা আকতার বলেন, ৫ মে প্রচারের পর একবার পুনঃপ্রচার হয়েছে অনুষ্ঠানটি। আরও পুনঃপ্রচার হবে। এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্র থেকেই ধারণকৃত অনুষ্ঠানটি প্রচার হবে। এ জন্য চোখ রাখতে হবে বিটিভির পর্দায়।