১১০ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের মধ্যে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের অধীনে পড়েছে ৬৩ কিলোমিটার। খাগড়াছড়ির জেলার অংশে এই সড়কে ২৪৮টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।
এসব বাঁকের দুই পাশে ঝোপঝাড় ও জঙ্গল থাকায় একপাশ থেকে অন্য পাশের মানুষজন ও যানবাহন দেখা যায় না। এ কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদের বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চাকমা জানান, খাগড়াছড়ি সড়ক ও জনপদের আওতাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ৬৩ কিলোমিটারে মোট ২৪৮টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ১২টি।
সম্প্রতি খাগড়াছড়ি-মানিকছড়ি গিয়ে দেখা গেছে, সড়কের বাঁকগুলোর দুই পাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল পরিবেষ্টিত। খাগড়াছড়ি জিরো মাইল থেকে মাটিরাঙ্গা ইসলামপুর পর্যন্ত রয়েছে ঝোপঝাড়ে ঢাকা বেশ কয়েকটি বাঁক। আলুটিলা এলাকায় আঁকাবাঁকা উঁচু পাহাড় থেকে নেমে আবার ওপরে ওঠার সময় দ্রুত মোড় নিতে হয়। যানবাহন চালকেরা এই বাঁকটিকে ভীষণ বিপজ্জনক বলে চিহ্নিত করেছেন। এ ছাড়া তৈমাতাং সেতু থেকে গুইমারা থানা পর্যন্ত এমন বেশ কিছু বিপজ্জনক বাঁক দেখা গেছে।
খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটের বাসচালক কামরুল হাসান, ফজর আলী, ইলিয়াছ হোসেন ট্রাকচালক বেলাল হোসেন ও মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই সড়কে অনেক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। অনেক সময় বাঁকের দুই পাশ জঙ্গলে ছেয়ে যাওয়ার কারণে সতর্কভাবে গাড়ি চালালেও যানবাহন মুখোমুখি হয়ে যায়।
এই সড়কে চলাচলকারী শিক্ষক মো. ইউনুছ আলী, ব্যবসায়ী অংগ্যজাই মারমা ও সুখেন ত্রিপুরা বলেন, রাস্তা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটছে। তারপরও চলাচল করতে হচ্ছে। সড়কে বাঁকগুলোর ঝোপঝাড় যদি পরিষ্কার করা হয়, তাহলে দুর্ঘটনা কিছুটা কমবে।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন বলেন, গত তিন মাসে জেলায় ছোট–বড় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। মূলত সড়কে ভৌত অবকাঠামোর সংস্কার এবং ঝুঁকিপূর্ণ বাঁকসমূহের সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন চৌধুরী বলেন, ইতিমধ্যে খাগড়াছড়ির আওতাধীন মানিকছড়ি উপজেলায় সড়কের বাঁকগুলোর দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা শুরু হয়েছে। রাস্তা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।