৬৫ কেন্দ্রের মধ্যে ২৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালী উপজেলার ৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এরমধ্যে অত্যধিক ঝুঁকির মধ্যে রয়েছে আহলা-করলডেঙ্গা ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন। শুধু এ দুই ইউনিয়নে রয়েছে ১১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সহিংসতার আশঙ্কায় এ দুইটি ইউনিয়নে প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে। ২৫ জুন উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।১২ জুন উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। শুধু আহলা-করলডেঙ্গা ইউনিয়নের প্রার্থীদের অভিযোগ শুনেই শেষ করা হয় সভা। সভায় জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেছেন, ‘নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সুপার জেড এ মোর্শেদ বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন প্রস্তুত রয়েছে। আচরণ বিধি লঙ্ঘন ও বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করার শক্তি, সামর্থ্য ও জনবল প্রশাসনের রয়েছে।’ ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক প্রথম আলোকে বলেন, দুইটি ইউনিয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ, আনসার বাহিনীর ২২ জন সদস্য থাকবে। এ ছাড়াও প্রতিকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স ও প্রতি ইউনিয়নে দুইটি করে ভ্রাম্যমাণ দল থাকবে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্র দখল ও গোলযোগ করে ভোট নেবে, সে কথা ভুলিয়ে দিতে প্রশাসন যেকোনো কিছুর বিনিময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুত।’ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল: শাকপুরা ইউনিয়নের কাজী বাড়ি প্রাথমিক বিদ্যালয়, হাজি আজগর আলী প্রাথমিক বিদ্যালয়, দশভূজা প্রাথমিক বিদ্যালয়, সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী প্রাথমিক বিদ্যালয়, হোরারবাগ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, খিতাবচর ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়, পোপাদিয়ার খাজা গরিবে নেওয়াজ প্রাথমিক বিদ্যালয়, আকুবদণ্ডী প্রাথমিক বিদ্যালয়, হাওলা প্রাথমিক বিদ্যালয়, বিদগ্রাম প্রাথমিক বিদ্যালয়, চরণদ্বীপের চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়, আহসানিয়া প্রাথমিক বিদ্যালয়, সিকদারিয়া প্রাথমিক বিদ্যালয়, ঘাটিয়ালপাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। শ্রীপুর-খরণদ্বীপের খরণদ্বীপ এমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসা, শ্রীপুর কালী বাড়ি প্রাথমিক বিদ্যালয়, খরণদ্বীপ উচ্চবিদ্যালয়, শ্রীপুর দরবার দীঘি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, জ্যৈষ্ঠপুরা শেখপাড়া মাদ্রাসা, জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চবিদ্যালয়। আমুচিয়ার পিসি সেন সারোয়াতলী উচ্চবিদ্যালয়, পূর্ব ধোরলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। কড়লডেঙ্গার কড়লডেঙ্গা প্রাথমিক বিদ্যালয়, কড়লডেঙ্গা কালান্দর শাহ প্রাথমিক বিদ্যালয়, আহলা উত্তরভূর্ষি প্রাথমিক বিদ্যালয়, আহলা সাদারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও আহলা আছাদিয়া প্রাথমিক বিদ্যালয়।