সবাই তাকে ‘উইজডম’ নামে ডাকে। এই অ্যালবাট্রস পাখি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দা। বয়স আনুমানিক ৬৬ বছর। সম্প্রতি সে একটি ডিম পেড়েছে। তা দিতেও শুরু করেছে।
এত বেশি বয়সে পাখিটির এই প্রজননচেষ্টা দেখে মিডওয়ে অ্যাটল ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজ এবং ব্যাটল অব মিডওয়ে ন্যাশনাল মেমোরিয়ালের বিশেষজ্ঞরা রীতিমতো অবাক হয়েছেন। ইউ এস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক চার্লি পেলিজা বলেন, ঘটনাটি খুবই আনন্দের। উইজডম যে কেবল ছয় দশকের বেশি সময় ধরে বেঁচে আছে, তা নয়। মিডওয়ের জীববিজ্ঞানীরা বছরের পর বছর ধরে পাখিটিকে দেখছেন এবং তার তথ্য সংরক্ষণ করছেন।
ওই বিজ্ঞানীরা ১৯৫৬ সালে প্রথম পাখিটির ডান পায়ে একটি লাল ফিতা বেঁধে দেন। এটির সাহায্যে অ্যালবাট্রসটির প্রজননের ওপর নজর রাখা হয়। ওই বছরই উইজডম ডিম পাড়তে শুরু করেছিল। সেই হিসাবে বিজ্ঞানীদের অনুমান, পাখিটির বয়স ৬০ বছর ছাড়িয়েছে। বিশ্বে এত বেশি বয়সী প্রজননক্ষম অ্যালবাট্রস তাঁদের জানামতে আর নেই।
২০০৬ সাল থেকে এ পর্যন্ত উইজডম অন্তত নয়টি ছানা বড় করেছে। এখন সে মিডওয়ে অ্যাটল ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজে নতুন ডিমটিতে তা দিচ্ছে। আর আশা করছে, তার সঙ্গী আকেয়াকামাই শিগগিরই ফিরে আসবে।
পেলিজা বলেন, ‘উইজডমকে খাওয়াতে গিয়েই আমি বুঝলাম, নতুন কিছু ঘটেছে। সে আবার ডিম ফোটাতে চাইছে, এটা দেখে এখানকার অন্য কর্মীরাও উচ্ছ্বসিত। এ রকম সুখবরে সত্যিই দিনটা উজ্জ্বল হয়ে যায়।’